চুংজু সিটি মেয়রের আমন্ত্রণে দক্ষিণ কোরিয়ায় প্রতিমন্ত্রী নুরুল হক

ছবি: আগামীর সময়
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের নতুন দুয়ার উন্মোচন এবং কাজের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে কোরিয়ার চুংজু সিটির মেয়রের আমন্ত্রণে চুনবো কোম্পানি লিমিটেড পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
আজ বুধবার দক্ষিণ কোরিয়ার চুংজু সিটিতে অবস্থিত শীর্ষস্থানীয় এই শিল্প প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বৃদ্ধি, দক্ষ জনশক্তি নিয়োগ এবং দ্বিপাক্ষিক শ্রম সহযোগিতা জোরদারের বিষয়ে চুংজু সিটির মেয়র এবং চুনবো কোম্পানির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে প্রতিমন্ত্রীর এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী চুনবো কোম্পানিতে বর্তমানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সাথে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তিনি প্রবাসীদের কর্ম পরিবেশ, আবাসন ব্যবস্থা এবং সার্বিক খবরাখবর নেন।
উল্লেখ্য, বিশ্বমানের প্রযুক্তি পণ্য উৎপাদনে নিয়োজিত এই কোম্পানিটিতে বর্তমানে প্রায় ৮০ জন বাংলাদেশি কর্মী অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন।



