শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলায় এইচআরএফবির উদ্বেগ

সংগৃহীত ছবি
সাতক্ষীরার প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা এবং তাকে ঘিরে নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ উদ্বেগ জানায়। এতে উল্লেখ করা হয়, গত ২৯ সেপ্টেম্বর শ্যামনগর থানায় বাংলাদেশ দণ্ডবিধির ১২৪ক ধারায় শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।
শম্পা গোস্বামীর অভিযোগ, তার বাসভবন ও সংগঠনের কার্যালয়ে পুলিশি নজরদারি চালানো হচ্ছে এবং পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে এইচআরএফবি মনে করে, মানবাধিকার কাজের সঙ্গে জড়িত কোনো ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর অপরাধ আনার ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ থাকা অপরিহার্য। এ ছাড়া কোনো নাগরিকের বাসভবনে নজরদারি বা পরিবারকে হয়রানি করা সংবিধানে স্বীকৃত অবাধ চলাফেরা ও গৃহের গোপনীয়তা সুরক্ষার মৌলিক অধিকারের পরিপন্থী।
সংগঠনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে করা মামলার আইনগত ভিত্তি ও অভিযোগের সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে মানবাধিকারকর্মী হিসেবে শম্পা গোস্বামী, তার পরিবার এবং নারী উন্নয়ন সংগঠনের কর্মীদের শান্তিপূর্ণ কার্যক্রম পরিচালনার সুরক্ষা নিশ্চিতের দাবি তুলে ধরেছে এইচআরএফবি।



