ঈদের টানা ছুটিতেও খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান

প্রতীকী ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি অফিস টানা ৭ দিন ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ছুটির কথা উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত বন্ধ থাকবে এবং আগামী ২৩ ও ২৪ মে (শনি ও রবিবার) অফিস খোলা থাকবে।
তবে এই লম্বা ছুটিতেও খোলা থাকবে জরুরি পরিষেবা। এ ছাড়া ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আর আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।
ঈদের ছুটিতেও খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
# জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতায় পড়বেন না।
# হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে।
# চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে।
# জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিস এই ছুটির আওতার বাইরে থাকবে।




