১২ ভ্রাম্যমাণ লাইব্রেরির সাংস্কৃতিক অনুষ্ঠান

ছবি: আগামীর সময়
রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ঢাকা জেলার ১২টি ভ্রাম্যমাণ লাইব্রেরি ইউনিটের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ শনিবার বিকাল ৪টায় সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণগ্রন্থাগার অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ঢাকা জেলার ১২টি ভ্রাম্যমাণ লাইব্রেরি ইউনিটের সাংস্কৃতিক সংঘের সদস্য, শিক্ষার্থী, পাঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
‘আলো আমার আলো’ গান পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক পর্ব শুরু হয়। গানটি পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভ্রাম্যমাণ লাইব্রেরি গাড়ি ইউনিটের সাংস্কৃতিক সংঘের সদস্য মনিরা সাফা।
পরে সাহিত্য আলোচনা, কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত ও লালনগীতি পরিবেশিত হয়। পাশাপাশি ছিল নৃত্য পরিবেশনা। এ ছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্মপরিচালক ও প্রকল্প সমন্বয়কারী উজ্জ্বল হোসেন। উপস্থিত ছিলেন প্রকল্পের ডেপুটি কো-অর্ডিনেটর বিকাশ চক্রবর্ত্তী ও রাজন দত্ত মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর মো. ইজাজুল ইসলাম।



