‘এবং বই’ বুক রিভিউ প্রতিযোগিতার পুরস্কার পেলেন ১০ জন

ছবি: আগামীর সময়
বইবিষয়ক পত্রিকা ‘এবং বই’ আয়োজিত ‘বুক রিভিউ প্রতিযোগিতা–২০২৬’-এর দ্বিতীয় আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের প্রতিযোগিতায় লেখক ও বিজ্ঞানী আশরাফ আহমেদের দুটি বই নির্ধারিত ছিল। বই দুটি হলো প্রবন্ধগ্রন্থ ‘বাংলা সাহিত্যের প্রথম কল্পবিজ্ঞান লেখক বেগম রোকেয়া’ এবং উপন্যাস ‘আলো ছায়ার খেলা’। প্রতিযোগীদের পাঠানো বুক রিভিউ জুরি বোর্ডের মূল্যায়নের ভিত্তিতে দুই বিভাগে পাঁচজন করে মোট ১০ জন সেরা গ্রন্থ সমালোচককে বিজয়ী নির্বাচিত করা হয়।
প্রবন্ধগ্রন্থ ‘বাংলা সাহিত্যের প্রথম কল্পবিজ্ঞান লেখক বেগম রোকেয়া’ বিভাগে প্রথম হয়েছেন মামুন কবীর, দ্বিতীয় মো. শাহেরীন আরাফাত এবং তৃতীয় মারুফ ইসলাম। এ বিভাগে বিশেষ পুরস্কার পেয়েছেন মাকসুদা আক্তার ও সঞ্জয় দেওয়ান।
অন্যদিকে, ‘আলো ছায়ার খেলা’ উপন্যাস বিভাগে প্রথম হয়েছেন আলী আহসান, দ্বিতীয় মুহাম্মদ ফরিদ হাসান এবং তৃতীয় নাছরিন জাহান। এ বিভাগে বিশেষ পুরস্কার পেয়েছেন মো. জাহিদ হাসান ও জোবায়ের মিলন।
প্রতিটি বইয়ের জন্য আলাদাভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হয়। দুই বিভাগে প্রথম পুরস্কার বিজয়ী দুজন পেয়েছেন ১০ হাজার টাকা করে, দ্বিতীয় পুরস্কার বিজয়ী দুজন পেয়েছেন ৫ হাজার টাকা করে এবং তৃতীয় পুরস্কার বিজয়ী দুজন পেয়েছেন ৩ হাজার টাকা করে। এ ছাড়া বিশেষ পুরস্কার পাওয়া চারজন পেয়েছেন ২ হাজার টাকা করে। নগদ অর্থের পাশাপাশি সেরা ১০ জনের প্রত্যেককে ১ হাজার টাকা সমমূল্যের বই উপহার দেওয়া হয়।
‘এবং বই’-এর সম্পাদক ফয়সাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক আহমদ বশীর। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও অনুবাদক ফারুক মঈনউদ্দীন, কথাসাহিত্যিক মনি হায়দার এবং কবি ও প্রাবন্ধিক আলমগীর খান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারী নেত্রী জাকিয়া শিশির, মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, লেখক মিজানুর রহমান আফরোজ ও পরিবেশকর্মী ইবনুল সাঈদ রানা।



