ছায়ানটে লোকগানের আসর ‘গান অবিরাম’

সংগৃহীত ছবি
বাংলার লোকজ ঐতিহ্য, মাটি ও মানুষের জীবনবোধের নানা অনুষঙ্গ নিয়ে ছায়ানট সংস্কৃতি-ভবনে অনুষ্ঠিত হয়েছে লোকসংগীতের আসর ‘গান অবিরাম’। শুক্রবার সকাল সাড়ে ১১টায় ছায়ানট সংস্কৃতি-ভবনের নিচতলা ও দোতলায় আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন সংগঠক, শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তনীসহ পাঁচ শতাধিক মানুষ।
লোকসংগীতের বহমান ধারাকে কেন্দ্র করে সাজানো এ আয়োজনে উঠে আসে বাংলার প্রকৃতি, নদী, মাটি, মানুষের জীবন, প্রেম-বিরহ ও আধ্যাত্মিক অনুভবের নানা রূপ। পরিবেশিত হয় ‘আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে’, ‘ধন্য ধন্য বলি তারে’, ‘নিশা লাগিল রে’ ও ‘মিলন হবে কতোদিনে’র মতো হৃদয়গ্রাহী গান। পাশাপাশি গাওয়া হয় ‘পরের জায়গা পরের জমিন’ এবং ‘প্রাণ সখী রে, ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে’।
লোকজ জীবনের সঙ্গে নদী ও প্রকৃতির নিবিড় সম্পর্কও ফুটে ওঠে এ আসরে। ‘কলকল ছলছল নদী করে টলমল’, ‘গান গাই আমার মনরে বুঝাই’ ও ‘বাউলা কে বানাইল রে’ গানের মধ্য দিয়ে বাংলার লোকজ সংস্কৃতির বৈচিত্র্য ও মানুষের অন্তর্গত অনুভূতির নানা দিক প্রকাশ পায়। আয়োজনের শেষভাগে পরিবেশিত হয় ‘নোঙর ছাড়িয়া নায়ের দেরে দে মাঝি ভাই’।
গানে গানে বাংলার চিরায়ত লোকঐতিহ্য ও মানুষের জীবনঘনিষ্ঠ অনুভূতির প্রকাশে প্রাণবন্ত হয়ে ওঠে ‘গান অবিরাম’। সংগঠক, শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তনীদের সম্মিলিত অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠান লোকসংগীতের চর্চা ও ঐতিহ্যকে ধারণ করে তৈরি করে এক সুরময় সাংস্কৃতিক আবহ।




