নজরুলের গানে মুখর গুলশান লেকপার্ক

ছবি: আগামীর সময়
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রেম, বিরহ, সাম্য ও দ্রোহের কালজয়ী সৃষ্টিকে ঘিরে রাজধানীর গুলশান লেকপার্কে বসেছে দুই দিনব্যাপী ‘নজরুল উৎসব’। নজরুলসংগীতের সুর ও বাণীতে শুক্রবার সন্ধ্যায় মুখর হয়ে ওঠে গুলশান সোসাইটি লেক পার্ক। বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা ও গুলশান সোসাইটির যৌথ আয়োজনে এ উৎসবে দেশের স্বনামধন্য শিল্পীদের পাশাপাশি প্রতিশ্রুতিশীল তরুণ শিল্পীরাও নজরুলের গান পরিবেশন করছেন।
আজ শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া উৎসবের প্রথম দিনের আয়োজন চলে রাত ১০টা পর্যন্ত। এদিন পরিবেশন করা হয় ২৫টি গান। শনিবার বিকেল ৫টায় শুরু হবে উৎসবের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় দিনেও ২৫টি গান পরিবেশনের কথা রয়েছে।
আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা ও সংগীতের বৈচিত্র্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন। দুই দিনের এ উৎসবে নজরুলসংগীতের বিভিন্ন ধারার গান পরিবেশন করছেন দেশের প্রতিষ্ঠিত ও তরুণ শিল্পীরা।
গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, “কাজী নজরুল ইসলাম আমাদের জাতিসত্তার এক অবিচ্ছেদ্য অংশ, সাম্য ও মানবতার প্রতীক এবং অন্যায়, অবিচার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক চিরজাগ্রত প্রতিবাদী কন্ঠস্বর। তার রচনা আমাদের শিখিয়েছে মাথা উঁচু করে বাঁচতে, মানুষকে ভালোবাসতে এবং সকল সংকীর্ণতার উর্ধ্বে উঠে একটি অসাম্প্রদায়িক, মানবিক ও মর্যাদাপূর্ণ সমাজ গড়তে।”
বাংলাদেশ সরকার ঘোষিত নজরুল বর্ষের অংশ হিসেবে গুলশান সোসাইটি ও বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা যৌথভাবে আবারও নজরুল উৎসব আয়োজন করছে বলে জানান তিনি।
এর আগেও গুলশান সোসাইটি নজরুল উৎসবের আয়োজন করেছে জানিয়ে তিনি বলেন, 'বাংলাদেশে মুক্তবুদ্ধি, সৃজনশীলতা ও সংস্কৃতিচর্চা দীর্ঘদিন ধরেই হুমকি ও প্রতিকূলতার সম্মুখীন। অসহিষ্ণুতা, সাম্প্রদায়িক সংকীর্ণতা, সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা আমাদের সাংস্কৃতিক বিকাশে গভীর অন্তরায়। অথচ একটি জাতির প্রকৃত স্বাধীনতা নিহিত তার নিজস্ব ভাষা, সাহিত্য, সংগীত, ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তচিন্তার অধিকার রক্ষার মধ্যে। যে জাতি তার সংস্কৃতিকে হারায়, সে জাতি একসময় তার স্বকীয়তাও হারায়। এই সর্বনাশ ঠেকাতে বাংলাদেশের সংস্কৃতিমনা মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'
‘একই অপরূপ রূপে’ সমবেত গানের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের সঙ্গীত পর্ব। এরপর একে একে পরিবেশিত হয় ‘জগতের নাথ করো পার বধূ তোমার আমার’, ‘গঙ্গা সিন্ধু নর্মদা’, ‘আমায় নহে গো’, ‘তুমি যখন এসেছিলে’, ‘ঢলো ঢলো নয়নে’, ‘আজি রক্ত নিশি ভোরে’, ‘গহীন রাতে’, ‘বসিয়া নদীকূলে’, ‘পায়েলা বোলে’, ‘আয় মরু পারের হাওয়া’, ‘নিশি পবন’, ‘বলরে জবা’, ‘স্বপনে এসো নিরজনে’, ‘যাও মেঘদূত’, ‘বিদ্রোহী’, ‘দাও শৌর্য্য’, ‘সাম্যবাদী’, ‘কেন আনফুল ডোর’, ‘দাঁড়ালে দূয়ারে’, ‘সখি আমিই না হয়’সহ বিভিন্ন গান।
গান পরিবেশন করেন ফারাহ দিবা খান লাবন্য, করিম হাসান খান, নাসিমা শাহীন ফ্যান্সী, মৈত্রেয়ী ঘোষ, প্রিয়াঙ্কা গোপ, রেজাউল করিম, ওয়ারদা রিহাব, আফসানা রুনা, আফজাল হোসেন, মাহমুদুল হাসান, শাহীন সামাদ, সুমন মজুমদার, মৃদুলা সমাদ্দার, ইয়াকুব আলী খানসহ আরও অনেকে।




