‘দ্য স্ট্যান্ড’-এর অনুমোদিত বাংলা অনুবাদের প্রকাশনা উৎসব

প্রকাশনা উৎসবে ছিলেন কবি-অনুবাদক-লেখক-ইনফ্লুয়েন্সারসহ অনেকে
রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনে বিবলিওফাইল প্রকাশনীর আয়োজনে করা হয় বাংলা জনরা ফিকশনের অন্যতম বৃহৎ অনুমোদিত অনুবাদ বইয়ের প্রকাশনা উৎসব।
শনিবার (২৭ জুন) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রকাশিত হয় দ্য স্ট্যান্ডের বাংলা অনুবাদ। বইটির মূল লেখক স্টিফেন কিং এবং অনুবাদক মো. ফুয়াদ আল ফিদাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ফারহান আবীদ।
এ সময় প্রকাশক মো. সাব্বির হোসেন বলেন, ‘শুরুর দিকের নানা ঘাত-প্রতিঘাত কাটিয়ে অনুমোদিত অনুবাদ নিয়ে নীরবে কাজ করে যাচ্ছে বিবলিওফাইল।’
‘দ্য স্ট্যান্ড’-এর অনুবাদক মো. ফুয়াদ আল ফিদাহ বলেন, ‘অনুমোদিত অনুবাদের যে যাত্রা বিবলিওফাইলের হাত ধরে চলছে, তা এই বইয়ের মাধ্যমে আরও সমৃদ্ধ হলো।’
বুক ইনফ্লুয়েন্সার লিঙ্কন হাসান মন্তব্য করেন, ‘অনুবাদ সাহিত্যে ফুয়াদ ভাই আমার কাছে লিভিং লিজেন্ড, এই বইয়ের প্রতি তিনি সুবিচার করেছেন বলেই আমার বিশ্বাস।’
অনুবাদক সম্পর্কে লেখক-অনুবাদক খালেদ নকীব বলেন, ‘অনুবাদ জগতে মো. ফুয়াদ আল ফিদাহ একজন মহীরুহ। তবে অনেকেই হয়তো জানেন না যে ফুয়াদ ভাই একজন চমৎকার সম্পাদক।’
লেখক শোয়েব সর্বনাম অনুবাদের ক্ষেত্রে এআইয়ের ভূমিকা তুলে ধরতে গিয়ে বলেন, ‘সময়ই নির্ধারণ করে দেবে যে এআই আশীর্বাদ নাকি অভিশাপ।’
অনুবাদক মারুফ হোসেন জানান, ‘অনুবাদ হোক বা সম্পাদনা কিংবা মৌলিক, তিনি যে প্যাশন শো করেন তা খুব কম মানুষের মধ্যেই দেখেছি।’
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মিথলজি লেখক এস এম নিয়াজ মাওলা বলেন, ‘ফুয়াদের ১৭৯টি বই বা ১১টি আর্টিকেল আমাকে ঈর্ষান্বিত করে না, করে ওর কাজের প্রতি প্যাশন।’
অনুষ্ঠানে ছিলেন বিবলিওফাইলের প্রকাশক মো. সাব্বির হোসেন, অন্যধারার প্রকাশক ফারুক হোসেন, লেখক-অনুবাদক মো. ফুয়াদ আল ফিদাহ, গীতিকবি সাকী আহমদ, কবি মাহবুব জামিল পুলক, বুক ইনফ্লুয়েন্সার লিঙ্কন হাসান, ব্রাউন স্টোরি টেলার, মাসুম আহমেদ আদি, লেখক নিয়াজ মাওলা, বাপ্পি খান, শোয়েব সর্বনাম, মিলু আমান, অনুবাদক মারুফ হোসেন, রাফসান রেজা রিয়াদ, প্রচ্ছদশিল্পী সুলতান আজম সজল, রিয়াজুল ইসলাম জুলিয়ান, সাংবাদিক নাঈম ইসলামসহ আরও অনেকে।




