উগ্রবাদী সন্দেহে দুই যুবকের ফের ৩ দিনের রিমান্ড

ছবি: আগামীর সময়
উগ্রবাদী সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দুই যুবকের আরও তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে রিমান্ড শেষে অপর চার যুবককে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।
ফের রিমান্ডে যাওয়া দুই আসামি হলেন শাহ আমানত সাবির ও হোসাইন তানিম। কারাগারে পাঠানো হয়েছে জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়োজিতকে।
এদিন রিমান্ড শেষে ছয় আসামিকে আদালতে হাজির করা হয়। যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক দুই আসামির সাত দিনের রিমান্ড এবং অপর চারজনকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী সাদ্দাম হোসেন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকি চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত রবিবার ভোর সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ছয় আসামির সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড দেন।
পুলিশের আবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকার আমিন মোহাম্মদ গ্রুপের পাশের বালুর মাঠে উগ্রবাদী সংগঠনের কয়েকজন সদস্য প্রশিক্ষণের উদ্দেশ্যে জড়ো হয়েছেন—এমন তথ্য পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ছয়জনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা সেখানে সমবেত হওয়ার সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। গোয়েন্দা তথ্য ও প্রাথমিক তদন্তে তাদের উগ্রবাদী সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত থাকার সন্দেহ পাওয়া গেছে। এ কারণে তদন্তের স্বার্থে দুই আসামিকে পুনরায় রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন করা হয়।




