আরও তিন দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন

সংগৃহীত ছবি
বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দিয়েছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ।
এদিন মিরপুর মডেল থানায় দায়ের করা দেলোয়ার হোসেন হত্যা মামলায় রিমান্ড শেষে মামুনকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে কারগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন। এসময় জামিন চেয়ে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এরপর বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় রিমান্ড শুনানি শুরু হয় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। এসময় রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন মোরশেদ হোসেন শাহীন। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে ২৫ মার্চ রাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার করা হয় শেখ মামুন খালেদকে। পরদিন ২৬ মার্চ মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ৩০ মার্চ দ্বিতীয় দফায় তার বিরুদ্ধে মঞ্জুর হয় ছয় দিনের রিমান্ড। আর গত ৬ এপ্রিল তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়েছে, ‘২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায় এবং ভাঙচুর করে ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার। এসময় হামলা চালানো হয় কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মকবুল হোসেন নামে এক কর্মী।’ এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন মাহফুজুর রহমান।















