রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি : ‘নারী বিবেচনায়’ রিমির জামিন, আয়াসের নাকচ

ফাইল ছবি
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় নারী বিবেচনায় মারজিয়া খন্দকার রিমির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি এ এন এম আয়াসের জামিন আবেদন নাকচ করা হয়েছে।
আজ বুধবার ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ সাদেকীন হাবীব বাপ্পী শুনানি শেষে এসব আদেশ দেন।
এদিন আসামিপক্ষের আইনজীবী মনির হোসেন সুমন তাদের জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনে আপত্তি জানায়। উভয়পক্ষের শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় নারী বিবেচনায় রিমির জামিন মঞ্জুর করা হয়। তবে আয়াসের জামিন আবেদন নাকচ করে দেন আদালত।
এর আগে গ্রেপ্তারের পর গত ১১ অক্টোবর আয়াস ও মারজিয়া খন্দকার রিমির তিন দিন এবং মো. সাকিবুল হাসান ও মো. সুজন মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে ১৩ অক্টোবর সাকিব ও সুজনকে এবং ১৪ অক্টোবর আয়াস ও রিমিকে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক ফুটপাতের হকার উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় সেগুনবাগিচা এলাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী গেইটের বিপরীত পাশে গণপূর্তের সীমানা প্রাচীরের সাথে থাকা ফুটপাতে হকারদের উচ্ছেদ করে সীমানা প্রাচীরে বাংলাদেশ শিল্প সংস্কৃতি ও সাহিত্য বিষয়ক বিভিন্ন গ্রাফিতি অংকন করা হয়। গত ৯ অক্টোবর আসামি আল নুর মোহাম্মদ আয়াস সীমানা প্রাচীরের অংকিত গ্রাফিতিতে চুনকালি দিয়ে মুছে ফেলার ঘোষণা দেয়।
ঘোষণা অনুযায়ী আসামিরা একত্রিত হন। এসময় আয়াস বক্তব্য দেন যে, ‘আপনারা যদি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দাদা-দাদির কবর জিয়ারতে যান, যেটি পাকিস্তানে অবস্থিত সেই ফাঁকে জিন্নাহর কবরটা দেখে আসতে পারেন। জিন্নাহর কবরের পাশাপাশি তার নাম ফলক বাংলায় সুন্দর ভাবে লেখা আছে। তিনি চাইতেন সরকারী ভাষা ব্যবহারের ক্ষেত্রে একটি অভিন্ন ভাষা ব্যবহার হবে। তাই জিন্নাহকে বিনা কারণে গালাগালি করা রাজনৈতিক ছোটলোকি ও বাটপারি ছাড়া কিছু নয়।’
আসামি মারজিয়া খন্দকার রিমি বক্তব্য দেয় যে, ‘আমরা এখানে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। রবীন্দ্রনাথের জমিদারিতে মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন চালানো হয়েছে। এই নিপীড়ক রবীন্দ্রনাথের ছবি বাংলাদেশের কোনো দেয়ালে দেখতে চাই না।’
এ কথা বলে তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি মেখে দেন। এছাড়া দুর্গাপূজাকে কেন্দ্র করে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে ধর্মীয় অনুভূতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বিরোধ সৃষ্টির চেষ্টা করেন।
এসময় ঘটনাস্থল থেকে আয়াসসহ চার আসামিকে গ্রেপ্তার হয়। তবে অজ্ঞাতনামা আসামিরা দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় রাষ্ট্রদ্রোহ আইনে মামলা করে




