ট্রাইব্যুনাল অবমাননার অভিযোগে ব্যারিস্টার ফুয়াদকে তলব

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব। ফাইল ছবি
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে।
আজ রবিবার প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন এ তথ্য।
ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া এক অভিযোগ শুনানি করে এই আদেশ দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
প্রসিকিউটর তামিম জানিয়েছেন, ‘আজকে (রবিবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে একটি কনটেম্পট নোটিশ জারি করা হয়েছে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে। ট্রাইব্যুনাল সুয়োমোটো (স্বতঃপ্রণোদিত) এই কনটেম্পট নোটিশটি জারি করেছেন।’
প্রসিকিউটর আরও জানান, ফুয়াদ সম্প্রতি এবি পার্টির একটি প্রোগ্রামে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে অনেক
কথা বলেছেন। তার মধ্যে একটি লাইনে উনি বলেছেন, ‘এখানে বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে।’
‘তার এই বক্তব্য ট্রাইব্যুনালের নজরে এসেছে। ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে ব্যারিস্টার ফুয়াদকে এই বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য আগামী ৪ নভেম্বর দিন নির্ধারণ করেছেন’, বলছিলেন গাজী তামিম।
ওইদিন ফুয়াদকে ট্রাইব্যুনালে সশরীরে এসে জবাব দিতে বলা হয়েছে বলে জানান প্রসিকিউটর তামিম।



