মুফতি রুহুল আমীনের পাঁচ দিনের রিমান্ড

ছবি: আগামীর সময়
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমীনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জাতীয় মসজিদে সংঘর্ষ ও হামলার ঘটনায় পল্টন থানায় করা মামলায় আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।
এদিন পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয় রুহুল আমীনকে। মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান সাত কারণে তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
তদন্ত কর্মকর্তা বলেন, মসজিদে সংঘর্ষের ঘটনায় আসামির ভূমিকা এবং বায়তুল মোকাররমের মতো গুরুত্বপূর্ণ স্থানে সংঘর্ষের পেছনে কোনো ব্যক্তি বা দলের প্ররোচনা ছিল কি না— তা খতিয়ে দেখা প্রয়োজন। এ ঘটনায় আর্থিক লেনদেন হয়েছে কি না, হামলায় জড়িত ও নেতৃত্বদানকারীদের পরিচয় কী, আহত ব্যক্তিদের ওপর হামলা এবং মসজিদের সম্পত্তি ভাঙচুরের দায় কার, সেসব বিষয়ও তদন্ত করা হবে।
পাশাপাশি মামলার অন্য আসামিদের পরিচয় ও তাদের সংশ্লিষ্টতা যাচাইয়ের প্রয়োজন রয়েছে বলে জানান সিআইডির পুলিশ পরিদর্শক।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজ পড়তে বায়তুল মোকাররমে যান প্রবাসফেরত ব্যবসায়ী হাফেজ মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান। সেদিন দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের তৎকালীন দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পড়ছিলেন। এ সময় রুহুল আমীন অন্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করেন। তারা ইমামকে মিম্বর থেকে টেনেহিঁচড়ে নামিয়ে আঘাত করেন এবং তার হাত থেকে মাইক কেড়ে নেন।
এজাহারে আরও বলা হয়, উপস্থিত মুসল্লিরা এ কাজ থেকে তাদের বিরত থাকার অনুরোধ করেছিলেন। তবে রুহুল আমীনের নির্দেশে অন্য আসামিরা হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদী জিয়াউর রহমানের ডান চোখে আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন। এ সময় তার পকেটে থাকা ৩০ হাজার টাকা কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে এজাহারে।
এ ছাড়া আসামিরা মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ওইদিনই পল্টন মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী।
গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার হন রুহুল আমিন। তিনি গোপালগঞ্জ গওহরডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনেই ছিলেন।
২০১৮ সালের ৪ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের এক সমাবেশে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেন রুহুল আমিন। ২০২৪ সালে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি।
তাকে গ্রেপ্তারের পর একটি গোয়েন্দা সূত্র বলেছিল, রুহুল আমীন আলেম সমাজকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। ৫ আগস্টের পর গোপালগঞ্জ থেকে লোক এনে বায়তুল মোকাররমে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করিয়েছিলেন। এ ঘটনায় হওয়া মামলাসহ, অন্তত ৩টি মামলার আসামি তিনি।




