ছিল না জামিনের আবেদন, গ্রেপ্তার নাহিদ গেলেন কারাগারে

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ফাইল ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন। তবে তারপক্ষে জামিনের কোনো আবেদন ছিল না।
এদিন তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. মাহমুদুল হাসান মোড়ল তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
ওই আবেদনে উল্লেখ করা হয়, বুধবার দিবাগত রাত ২টার দিকে উত্তরা থেকে নাহিদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মামলার ঘটনার বিষয়ে এবং পলাতক অপরাপর আসামিদের বিষয়ে তথ্য প্রদান করেছে। যা মামলার তদন্তের স্বার্থে যাচাই বাছাই করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে জানা যায়, আসামি নুরুল ইসলাম নাহিদ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকে প্রতিহত করার জন্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আর্থিক সহায়তা ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অপরাধ সংঘটনের জন্য তার নিজস্ব কর্মীবাহিনী নিয়োজিত করেন। তদন্তের স্বার্থে প্রয়োজনে পরবর্তীতে তাকে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার বিবরণে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় অংশ নেন মাদ্রাসা ছাত্র সাদিকুল ইসলাম। ওইদিন বিকেল ৩টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ছাত্র জনতার ওপর হামলা করে। এতে ভুক্তভোগী সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।




