তাহসিফ হত্যা মামলায় দিশার আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

সংগৃহীত ছবি
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় উত্তরখান থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার তরুণী জেরিকা নাসনিম দিশার চার দিন জিজ্ঞাসাবাদ শেষে আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। আজ বুধবার মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন এ আবেদন করেন।
এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। এর আগে গত রবিবার প্রথম দফায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, দিশা ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তবে অত্যন্ত চতুর প্রকৃতির হওয়ায় অনেক প্রশ্ন কৌশলে এড়িয়ে যাচ্ছেন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, ঘটনার রাতে তাহসিফের সঙ্গে দিশার কোনো বাগবিতণ্ডা হয়েছিল কি না, তাদের মধ্যে সম্পর্কে টানাপড়েন চলছিল কি না, মামলার মূল রহস্য উদঘাটন, অজ্ঞাত আসামিদের গ্রেপ্তার, আলামত উদ্ধার এবং দিশা ও দীপের বক্তব্য ক্রস চেক করার জন্য আসামি দিশার সাত দিনের রিমান্ড প্রয়োজন।
এর আগে গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন তাহসিফ সাউরি। পরদিন বুধবার তুরাগ নদ থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফ সাউরির বন্ধু শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নেয় পুলিশ।
৩০ অক্টোবর রাতে উত্তরখান থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন তাহসিফের বাবা এ কে এম এনায়েতুল করিম। এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় দীপকে। ৩১ অক্টোবর তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুরের টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই হত্যা হামলায় গ্রেপ্তার করা হয় তাহসিফের বান্ধবী জেরিকা তাসনিম দিশাকে (১৯)। ঘটনার রাতে উত্তরার নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে তাহসিফ ও দীপের সঙ্গে দিশাও ছিলেন। ১ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালত দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।



