৬ সিটি প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ রিট আবেদন খারিজ

ঢাকার দুই সিটি করপোরেশনসহ ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের হওয়া রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।
গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ অনুযায়ী ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
সংশ্লিষ্ট সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসকেরা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ সময় তারা বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা ও ভাতা পাবেন-উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।
এই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ গত ৪ মার্চ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী। তারা হলেন- মো. গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, মো. আবু দাউদ নিজামী, মো. ইসমাইল হোসেন, মো. আল মুত্তাকী বিল্লাহ ও সাইফউল্লাহ খালেদ।
রিটে স্থানীয় সরকার বিভাগের সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়। প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত চাওয়ার পাশাপাশি ৩০ দিনের মধ্যে ছয় সিটি করপোরেশনে মেয়র নির্বাচনের ব্যবস্থা এবং নির্বাচন না হওয়া পর্যন্ত অতিরিক্ত সচিব বা জেলা প্রশাসকের মাধ্যমে এসব সিটি করপোরেশনের নিয়মিত কার্যক্রম পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছিল।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ‘আদালত রিটটি ‘অপরিপক্ব’ উল্লেখ করে খারিজ করে দিয়েছেন। তারা (প্রশাসকগণ) কতদিন দায়িত্ব পালন করতে পারবেন, তা সরকার বিবেচনা করবে।’
গত ২২ ফেব্রুয়ারি প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।




