মাইক্রোবাসচালক হত্যায় নারীসহ ৩ আসামির যাবজ্জীবন

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর ডেমরা এলাকায় মাইক্রোবাসচালক হারুন অর রশিদ হাওলাদারকে হত্যার দায়ে এক নারীসহ তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার ১৬তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নাজমুন নাহার নিপু এ রায় ঘোষণা করেন।
পাশাপাশি তাদের ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি লাশ গুমের দায়ে তাদের আরও সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার শফি নেওয়াজ নাছির এ তথ্য জানান।
আসিমারা হলেন লিপি আক্তার, মাহবুব খান ও রাজন হাওলাদার ওরফে আলামিন।
এদিন কারাগারে থাকা আসামি লিপি ও মাহবুবকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। পরে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। তবে আসামি রাজন হাওলাদার পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, হারুনর রশিদ হাওলাদার পেশায় হাইয়েস মাইক্রোবাসচালক ছিলেন। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকার শ্যামপুরের জুরাইন এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ২০২০ সালের ২৩ নভেম্বর রাতে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।
পরদিন ২৪ নভেম্বর দুপুরে নিজের মোবাইল ফোন থেকে স্ত্রীর বোনের স্বামী কলিম শিকদারকে ফোন করে বিপদের কথা জানিয়ে বিকাশে টাকা পাঠাতে বলেন হারুন। তার কথামতো প্রথমে ৩০ হাজার এবং পরে আরও ১৫ হাজার টাকা পাঠানো হয়। দুই দফায় লেনদেনের পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এরপর ২৫ নভেম্বর রাতে ডেমরা থানাধীন বামৈল বাঁশেরপুল এলাকায় গোলাম মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের পাশে ডিএনডি খাল থেকে ট্রলি ব্যাগের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্ত্রী লিলি বেগম ২০২০ সালের ২৬ নভেম্বর ডেমরা থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ডেমরা থানার এসআই মো. মোজাম্মেল হক ২০২২ সালের ৩১ মে তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
তদন্তে উঠে এসেছে, ঘটনার আগে ভিকটিম হারুন আসামি লিপির সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। ঘটনার দিন হারুন ফের শারীরিক সম্পর্ক করতে জোড়াজুড়ি করেন। হাতাহাতির একপর্যায়ে হারুনের মাথায় স্ট্যাম্প দিয়ে বাড়ি দেয় লিপি। তখন মাহবুব ও রাজন মিলে তাকে আটক করে। এরপর তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করা হয়। পরে হারুনের পরিবার দুইবারে ৪৫ হাজার টাকা পাঠান। এই টাকা দিয়ে তারা একসঙ্গে খাওয়াদাওয়া করেন। তখন হারুন লিপিকে বলেন, কাজটা ভাল করলি না। এতে তারা ভয় পেয়ে হারুনকে হত্যার পরিকল্পনা করেন। বালিশ দিয়ে মুখচেপে ধরে হত্যা করে।
পরে মৃতদেহ স্যুটকেসে ভরে বাইরে ফেলে দেন। ২০২৩ সালের ২৭ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে আদালত ২৩ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন।



