জামিন পেলে চিরতরে পলাতক হতে পারেন শিরীন শারমিন : ডিবি

শিরীন শারমিন চৌধুরীকে সাদা মাইক্রোবাসে করে আদালতে হাজির করা হয়। ছবি : আগামীর সময়
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক হওয়ার সম্ভাবনা আছে। এতে মামলার তদন্তে বিঘ্ন ঘটতে পারে। রিমান্ড আবেদনের এমন তথ্য উল্লেখ করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মঙ্গলবার রাজধানীর লালবাগ থানার এক হত্যাচেষ্টা মামলায় তার দুই দিনের রিমান্ড আবেদন চেয়েছে পুলিশের বিশেষায়িত বিভাগটি।
রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে আটক রাখার আবেদনের পর এই রিমান্ড চায় ডিবি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দীন এ আবেদন করেছেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে শুনানি হবে।
এর আগে, ভোর সাড়ে ৪টার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর তাকে নেওয়া হয় রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে।
পরে বেলা ১টা ৫৫ মিনিটের দিকে সাদা মাইক্রোবাসে করে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে রাখা হয় সিএমএম আদালতের হাজতখানায়।
প্রসঙ্গত, শেখ হাসিনার সরকারের পতনের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন শিরীন শারমিন। সাবেক স্পিকার আবদুল হামিদকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন তিনি।
শিরীন শারমিন বাংলাদেশের সর্বকনিষ্ঠ এবং প্রথম নারী স্পিকার। এরপর পদত্যাগের আগ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন স্পিকারের।
জুলাই গণঅভ্যুত্থানে সহিংসতার ঘটনায় মামলা রয়েছে শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে করা হয় হত্যা মামলা।
মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেছেন রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার (৩২)। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন টিপু মুনশি। শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন।















