হাজারীবাগে যুবককে ছুরি মেরে হত্যা

সংগৃহীত ছবি
রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর আহমেদ বুলেট (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুলেট হাজারীবাগের ভাগলপুর লেনের বাসিন্দা। বাবার নাম মৃত শাহাদাত হোসেন।
গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে হাজারীবাগ পার্কের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
বুলেটের স্বজনরা জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল সাড়ে পাঁচটায় তার মৃত্যু হয়।
নিহত যুবকের ছোট ভাই শাওন হোসেন জানিয়েছেন, তার বড় ভাই বর্তমানে তেমন কিছু করত না। এর আগে লজেন্স কারখানায় কাজ করতো। একেক সময় একেক কাজ করত। আবার কিছু দিন গাড়ির হেলপারিও করছিল।
শাওন আরও বলেছেন, তার ভাইয়ের সঙ্গে কামরাঙ্গীরচর এলাকার ইমন (১৬) নামের এক ছোট ভাই থাকত। সপ্তাহখানেক আগে সে চলে যায়। আবার গতকাল রাতে বাসায় আসছিল। রাতে খাবার খেয়ে ১টার দিকে তার মা হালিমা বেগমকে ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে সে বাইরে চলে যায়। পরে তার ভাইকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে মাথার বিভিন্ন জায়গায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় হাজারীবাগ পার্কের পাশে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা সেখান থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে পুলিশ এবং স্থানীয়দের মাধ্যম জানতে পারি।
শাওন আরও জানিয়েছেন, ইমনকে পাওয়া যাচ্ছে না। তাকে পাওয়া গেলে হয়তো জানা যেত, তার ভাইকে কারা হত্যা করেছে।
ঢামেকে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেছেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত আছে।




