নিখোঁজ শিশুর সন্ধানে জিডি
‘আম্মু, ঈদের সালামির টাকাগুলো নিয়ে চলে যাচ্ছি’

নিখোঁজ শিশু হামি আবরার হক হিত্তান।
রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টর এলাকা থেকে ১২ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে সে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। যাওয়ার আগে মাকে উদ্দেশ করে একটি নোট লিখে যায় সে। এতে ঈদের সালামির টাকা নিয়ে চলে যাওয়ার কথা উল্লেখ করেছে কিশোরটি।
নিখোঁজ শিশুর নাম হামি আবরার হক হিত্তান। তার বাবার নাম মো. নাজমুল হক মোল্লা এবং মায়ের নাম হাবিবুন্নাহার।
ছেলের সন্ধান চেয়ে উত্তরার পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাবা মো. নাজমুল হক মোল্লা।
জিডির আবেদনে তিনি উল্লেখ করেন, উত্তরার ১২ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডে ২৯ নম্বর বাসায় পরিবারের সঙ্গে বসবাস করেন তারা। বুধবার দুপুর ২টার দিকে উত্তরার পশ্চিম থানাধীন ১ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর সেক্টর এলাকা থেকে তার ছেলে নিখোঁজ হয়।
বাসা থেকে বের হওয়ার আগে মাকে উদ্দেশ করে একটি নোট লিখে যায় হামি আবরার। সেখানে সে লেখে, ‘আম্মু, এই মুখ নিয়ে এই বাসায় থাকার মতো লজ্জা পাব না। আমার ঈদের সালামির টাকাগুলো নিচ্ছি। আমি চলে যাচ্ছি। যদি আমাকে খুঁজতে...’
শিশুটির সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সহযোগিতা কামনা করা হয়েছে।




