কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ

আজ গাজী মেজবাউল হোসেন সাচ্চুর বাড়ির নিচতলার গ্যারেজে ভাঙচুর চালানো হয়। এসময় আগুনও ধরিয়ে দেয় হামলাকারীরা। ছবি: আগামীর সময়
রাজধানীর কাফরুল থানাধীন উত্তর ইব্রাহিমপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্র জানায়, ২০-২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি মিছিল নিয়ে এসে উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাড়ির নিচতলার গ্যারেজে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এতে গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা সম্পূর্ণ পুড়ে যায়।
এ ছাড়া কেয়ারটেকারের কক্ষ ভাঙচুর করা হয় বলে জানায় কাফরুল থানার পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন প্রায় ১০-১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কাফরুল থানা পুলিশ।




