আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী হিরু বারিধারা থেকে গ্রেপ্তার

নজরুল ইসলাম হিরু। সংগৃহীত ছবি
নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করেছে এসআরবি। তিনি নাশকতাসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক এ সংসদ সদস্যকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) লুৎফার নেতৃত্বে একটি বিশেষ দল বারিধারা ডিওএইচএস-এর ৬ নম্বর রোডের ৩৯৩ নম্বর বাসায় অভিযান পরিচালনা করে হিরুকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে করা একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
গ্রেপ্তারের পর এসআরবি সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উত্তরা এসআরবি সদর দপ্তরে নিয়ে যান।
নজরুল ইসলাম হিরু নরসিংদী সদর আসনের চারবারের সাবেক এমপি। পাশাপাশি তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রী ছিলেন। দীর্ঘদিন পালন করেছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার অভিযোগে একাধিক মামলা হয় এবং এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
এর আগে গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে বারিধারা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য সাঈদ খোকনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। পরে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
জুলাই আন্দোলনের সময় ধানমন্ডিতে কিশোর মোতালেব হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।



