মিরপুরে অটোরিকশায় এশিয়ান ইউনিভার্সিটির বাসের ধাক্কা, নিহত ৪

ছবি: আগামীর সময়
রাজধানীর মিরপুরের বেড়িবাঁধ এলাকায় এশিয়ান ইউনিভার্সিটির বাস একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।
আজ বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে নবাবেরবাগ উত্তরপাড়া এলাকার সড়কে ঘটে এ ঘটনা। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
ধারণা করা হচ্ছে, তারা সবাই অটোরিকশার যাত্রী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট। সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস আরও জানায়, বাসটি এশিয়ান ইউনিভার্সিটির নিজস্ব।
নিহতদের মরদেহ মরদেহ শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। পরবর্তী সময়ে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



