নতুন ঠিকানায় ‘ডোনাল্ড ট্রাম্প’

বিরল প্রজাতির সাদা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’—ফাইল ছবি
জাতীয় চিড়িয়াখানায় থাকা বিরল প্রজাতির সাদা মহিষটি সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার।
তিনি বলেছেন, ‘প্রশাসনিক সিদ্ধান্তে চিড়িয়াখানায় থাকা সাদা মহিষটি সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের কাছে স্থানান্তর করা হয়েছে। প্রাণিটির সংরক্ষণ, গবেষণা ও প্রজনন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে এই সিদ্ধান্ত। স্থানান্তরের পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে।’
বিএলআরআই সূত্রে জানা গেছে, বর্তমানে মহিষটি ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা। এ সময় প্রাণীটির স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হবে এবং বাইরের লোকজনের প্রবেশাধিকার সীমিত থাকবে।
মহিষটির তত্ত্বাবধান ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য বিএলআরআই ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির প্রধান ড. গৌতম কুমার দেব। মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
এ বিষয়ে ড. গৌতম কুমার দেব বলেছেন, জাত উন্নয়নসংক্রান্ত গবেষণার জন্য মহিষটি বিএলআরআইয়ে আনা হয়েছে। এর জিনগত বৈশিষ্ট্য, উৎপাদন সম্ভাবনা এবং প্রজনন সক্ষমতা নিয়ে গবেষণা হবে। বর্তমানে প্রাণীটি সুস্থ এবং কোয়ারেন্টিন শেষে গবেষণার বিভিন্ন কার্যক্রম শুরু হবে। স্থায়ীভাবে বিএলআরআইয়েই রাখা হবে মহিষটি।
গত ঈদুল আজহার আগে আলোচনায় আসে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি। মাথার সামনের অংশে বিশেষ ধরনের চুলের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে মিলিয়ে এর নাম রাখা হয়েছে বলে জানিয়েছেন মহিষটির মালিক।
পরে কোরবানি না দিয়ে প্রাণিটি সংরক্ষণের সিদ্ধান্ত নেয় সরকার।
২৭ মে মহিষটি স্থানান্তর করা হয় জাতীয় চিড়িয়াখানায়। এরপর সেখানে দর্শনার্থীদের অন্যতম আকর্ষণে পরিণত হয় ডোনাল্ড ট্রাম্প।






