কদমতলীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।
সোমবার রাত সোয়া ১০টার দিকে ঘটে এ দুর্ঘটনা। নিহত আল-আমিন হাওলাদার (৪২) একটি পোশাক কারখানায় জুনিয়র অপারেটর হিসেবে কাজ করতেন। আহত হয়েছেন তার সহকর্মী ও মোটরসাইকেলচালক মোহাম্মদ রাজিব (৩৫)।
আহত রাজিবের ভাগ্নে তানভীর জানান, তার মামা রাজিব ও আল-আমিন আদমজী এলাকায় একই পোশাক কারখানায় কাজ করতেন। রাতে কাজ শেষে রাজিবের মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন তারা। পথে সাদ্দাম মার্কেটের সামনে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে আল-আমিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আল-আমিনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আহত রাজিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আল-আমিনের গ্রামের বাড়ি বরগুনার আমতলী উপজেলায়। তার বাবার নাম আলমগীর হাওলাদার। রাজধানীর শ্যামপুরের জুরাইন এলাকায় বসবাস করতেন তিনি। একই এলাকায় থাকেন আহত রাজিবও।




