ডিবির পৃথক অভিযান বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ৭

ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার
রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ৭৫০ বোতল ইস্ক্যাপ সিরাপ এবং ২ হাজার ইয়াবাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রবিবার সকাল থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জয়নাল (৪২), সামিউল হক (৪৩), নুর ইসলাম সুরুজ (৪৪), হাফিজুর রহমান ওরফে লালমিয়া (৪৫), সোহান চৌধুরী (৩০), রবিউল ইসলাম মুন্না (২৪) ও কাশেম (৩৫)।
আজ বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, আজ সকালে দারুস সালাম থানার গাবতলী ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় মিরপুর গোয়েন্দা পুলিশ। এ সময় একটি প্রাইভেট কার ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে জয়নাল আবেদিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়ি থেকে বেলজিয়ামের তৈরি তিনটি বিদেশি বন্দুক, ১৫ রাউন্ড গুলি ও ১০০ বোতল ইস্ক্যাপ সিরাপ উদ্ধার করা হয়। একই অভিযানে আরেকটি প্রাইভেট কারের যাত্রীরা পালিয়ে গেলেও গাড়ি থেকে ৪৫০ বোতল ইস্ক্যাপ সিরাপ জব্দ করা হয়। তদন্তে জানা যায়, দেশের চাপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে একাধিক গাড়িতে করে মাদকের চালান ঢাকায় আনা হতো। আর এই মাদকের চালানের সঙ্গে অস্ত্রধারীরা মাদকবাহী গাড়িকে নিরাপত্তা দিয়ে রাজধানীতে প্রবেশ করাতো।
একই দিন বেলা ১১টায় ডিবির ওয়ারী বিভাগ রাজধানীর উত্তরা এলাকায় পৃথক অভিযানে একটি গাড়ি থেকে ৩০০ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার করে। পরে ওই তথ্যের ভিত্তিতে একটি পিকআপ আটক করে আরও ৯০০ বোতল স্ক্যাপ সিরাপ জব্দ করা হয়।
এদিকে রবিবার রাতে উত্তরা বিভাগের আরেকটি অভিযানে একটি গাড়ি ধাওয়া করে ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলেও জানান ডিবিপ্রধান শফিকুল ইসলাম।




