২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ১০৭ জন গ্রেপ্তার

গ্রাফিকস: আগামীর সময়
সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।
বুধবার দিবাগত রাতে ২টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় নুরুল ইসলাম নাহিদের অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে।
মধ্যরাতে উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্টের সরকারি আবাসিক কোয়ার্টার থেকে গ্রেপ্তার করা হয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে। আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন তিনি।
২০২৪ সালের সেপ্টেম্বরে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির নেতিবাচক মন্তব্য উঠে আসে। জ্যোতিকা জ্যোতিও ওই গ্রুপের সদস্যদের তালিকায় ছিলেন।
পাশাপাশি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। একাধিকবার সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে চূড়ান্ত মনোনয়ন পাননি।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের লকডাউন কর্মসূচী ঘিরে দেশের বিভিন্ন এলাকা থেকে সহিংসতার খবর পাওয়া গেছে। বাস, ট্রাক, রেললাইন, ইউপি কার্যালয়, গ্রামীণ ব্যাংকের আগুন দেওয়া খবর পাওয়া গেছে। আগুন দেওয়া হয়েছে বর্তমান ও সাবেক সংসদ সদস্যদের বাড়িতেও। এমন পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।



