ঢাকার সড়কে যানবাহন ও মানুষের চলাচল কম, খোলা নেই অনেক দোকান
আগামীর সময় প্রতিবেদক

ছবি: আগামীর সময়
রাজধানী ঢাকার সড়কগুলোতে আজ বৃহস্পতিবার সকাল থেকেই যানবাহন ও মানুষের চলাচল তুলনামূলক কম দেখা গেছে। সড়কে গণপরিবহনের সংখ্যা কম থাকায় অনেকটা ফাঁকা অবস্থায় দেখা গেছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। একই সঙ্গে অনেক দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় স্বাভাবিক কর্মচাঞ্চল্যও ছিল না।
আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, বাংলামোটর, শাহবাগ ও আশপাশের এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। অন্যান্য দিনের তুলনায় এসব এলাকায় ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন ও রিকশার চলাচল কম ছিল। সড়কে মানুষের উপস্থিতিও ছিল কম। বিভিন্ন এলাকার অনেক দোকানপাট খোলা থাকলেও বেশ কিছু দোকান বন্ধ দেখা গেছে।
সড়কে যানবাহনের চাপ কম থাকায় কোথাও কোথাও স্বাভাবিকের তুলনায় দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারছেন যাত্রীরা। তবে গণপরিবহন কম থাকায় কিছু যাত্রীকে গাড়ির অপেক্ষায় থাকতে দেখা গেছে।
কারওয়ান বাজার এলাকায় কথা হয় বেসরকারি চাকরিজীবী জাহিদুল ইসলাম সাজ্জাদের সাথে। তিনি বলেছেন, ‘প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করি। অন্যান্য দিনের তুলনায় আজ রাস্তায় গাড়ি ও মানুষের সংখ্যা অনেক কম। যানজটও নেই বললেই চলে। তবে গণপরিবহন কিছুটা কম থাকায় গাড়ি পেতে অপেক্ষা করতে হচ্ছে।’
অন্যদিকে ফার্মগেট এলাকার এক দোকানি রাসেল বলেছেন, ‘সকালে দোকান খুলেছি, কিন্তু ক্রেতা তেমন নেই। আশপাশের অনেক দোকানও বন্ধ রয়েছে। অন্যান্য দিনের তুলনায় আজ মানুষের চলাচল ও বেচাকেনা দুটোই কম।’
সব মিলিয়ে রাজধানীর সড়কগুলোতে যানবাহন ও মানুষের উপস্থিতি কম থাকায় বৃহস্পতিবার ঢাকার ব্যস্ত নগরজীবনে অনেকটাই নীরব পরিবেশ দেখা যাচ্ছে।




