পাইকপাড়া কোয়ার্টারে লিফট দুর্ঘটনা, তদন্ত কমিটি গঠন

সংগৃহীত ছবি
মিরপুরের পাইকপাড়া সরকারি কোয়ার্টারে লিফট দুর্ঘটনার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু নাছের স্বাক্ষরিত আদেশে এ কমিটি গঠন করা হয়। এতে মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল বাকের মো. তৌহিদকে আহ্বায়ক করা হয়েছে।
কমিটির অপর দুই সদস্য হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ডিপার্টমেন্ট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. মাহবুব আলম এবং গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন।
আদেশে বলা হয়েছে, লিফটের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় যথাযথ নিয়ম অনুসরণ করা হচ্ছিল কি না, তা তদন্ত করতে হবে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে এর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে বলা হয়েছে।
কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।



