দেশে তৈরি, গায়ে মেড ইন থাইল্যান্ড, জব্দ ৪৪৪ রিম নকল কাগজ

পুরান ঢাকার নয়াবাজারে অভিযান চালিয়ে ডাবল এ ব্র্যান্ডের ৪৪৪ রিম নকল কাগজ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এসব কাগজ বাংলাদেশে তৈরি হলেও মোড়কে মেড ইন থাইল্যান্ড লেখা ছিল।
গতকাল মঙ্গলবার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১০) সহায়তায় দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব কাগজ আটক করা হয়। প্রথম প্রতিষ্ঠান থেকে ১৮৪ রিম এবং দ্বিতীয় প্রতিষ্ঠান থেকে ২৬০ রিম কাগজ জব্দ করা হয়েছে।
সিআইআইডি জানায়, অভিযানে পাওয়া কাগজগুলোতে ডাবল এ ব্র্যান্ডের নাম ও মেড ইন থাইল্যান্ড লেখা ছিল। সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া বক্তব্য এবং অভিযানে পাওয়া তথ্য অনুযায়ী, কাগজগুলো প্রকৃতপক্ষে বাংলাদেশে তৈরি। দেশীয়ভাবে উৎপাদিত কাগজে বিদেশি ব্র্যান্ড ও উৎপত্তি দেশের মিথ্যা পরিচয় ব্যবহার করে সেগুলো বাজারজাত করা হচ্ছিল।
সিআইআইডি জানায়, এভাবে দেশীয় পণ্যে বিদেশি ব্র্যান্ড ও উৎপত্তি দেশের পরিচয় ব্যবহার করে ক্রেতাদের প্রতারিত করা হচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ আমদানিকারক ও ব্যবসায়ীরা।
সিআইআইডি মনে করছে, এ ধরনের নকল কাগজ উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে আরও অনেক প্রতিষ্ঠান জড়িত থাকতে পারে। এসব প্রতিষ্ঠান শনাক্ত করতে সংশ্লিষ্ট কারখানা, গুদাম ও বিক্রয়কেন্দ্রে ধারাবাহিক অভিযান চালানো হবে।



