ঢামেকে কারাবন্দীর মৃত্যু
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর প্রীতিশ বিশ্বাস (৫১) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে কারারক্ষীরা তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী আতিকুর রহমানসহ কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে আসেন।
কারা সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের সিআর মামলা নম্বর ১৫৫৮/২০২২-এর ৪২০ ধারার মামলায় বন্দী ছিলেন প্রীতিশ বিশ্বাস। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বড়সাতপার গ্রামের শ্রীপতি বিশ্বাসের ছেলে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



