সচিব হলেন বিসিআইসির চেয়ারম্যান বাবুল মিঞা

মো. বাবুল মিঞা
অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাকে আগের কর্মস্থলেই পদায়ন করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
বাবুল মিঞা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিসিআইসিতে যোগ দেওয়ার আগে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন।
১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন বাবুল মিঞা। কর্মজীবনে তিনি বিভিন্ন জেলায় সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া জনপ্রশাসন, মুক্তিযুদ্ধবিষয়ক ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে কেন্দ্রীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।




