ফু-ওয়াংসহ চার বার-হোটেলে এনবিআরের অভিযান

সংগৃহীত ছবি
ঢাকার চারটি বার ও প্রতিষ্ঠানে অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের অবৈধ উৎস, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত ব্যক্তির কাছে সরবরাহের অভিযোগ অনুসন্ধানে একযোগে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রতিষ্ঠানগুলো হলো র’ ক্যানভাস রেস্তোরাঁ, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল, মার্গারিটা লাউঞ্জ এবং ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।
আজ শনিবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নেতৃত্বে এনবিআরের বিভিন্ন সংস্থার সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানগুলোর মজুদে থাকা অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের উৎস, আমদানি ও ক্রয়সংক্রান্ত কাগজপত্র এবং শুল্ক, মূসক ও আয়কর পরিশোধের তথ্য যাচাই করা হচ্ছে।
এনবিআর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কয়েকটি বার, রেস্তোরাঁ, কূটনৈতিক বন্ডেড গুদাম ও শুল্কমুক্ত দোকানে অবৈধ উৎস থেকে অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্য সংগ্রহের অভিযোগ পাওয়া যায়। একই সঙ্গে এসব পণ্যের ওপর প্রযোজ্য শুল্ক, মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে সরবরাহের অভিযোগও রয়েছে।
এসব অভিযোগের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চারটি বিশেষ দল গঠন করে। পরে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর কর্মকর্তাদের অভিযানে যুক্ত করা হয়।
অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা শনিবার ঢাকার র’ ক্যানভাস রেস্তোরাঁ, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল, মার্গারিটা লাউঞ্জ এবং ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেডে সরেজমিনে পরিদর্শন, তল্লাশি ও নথিপত্র যাচাই করেন। এ সময় প্রতিষ্ঠানগুলোর মজুদে থাকা অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের পরিমাণ, এসব পণ্যের বৈধ উৎস, আমদানি বা ক্রয়ের দলিল, শুল্ক-মূসক ও আয়কর পরিশোধের তথ্য এবং পণ্যের বৈধতা যাচাই করা হয়। প্রয়োজন অনুযায়ী অবৈধ বা অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট পণ্য আটক করার কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।
অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তল্লাশি ও নথিপত্র যাচাই শেষে কোনো প্রতিষ্ঠানে শুল্ক-মূসক বা আয়কর ফাঁকি, অবৈধ উৎস থেকে অ্যালকোহল সংগ্রহ কিংবা অননুমোদিত ব্যক্তির কাছে এসব পণ্য সরবরাহের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিযানে প্রাথমিকভাবে পাওয়া তথ্য ও সার্বিক ফলাফল জানাতে শনিবার রাতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



