সাম্বার হরিণ দেখতে যাবেন?

গ্রাফিকস: আগামীর সময়
ঈদের ছুটিতে কোথায় যাবেন, সেই ভাবনা অনেকের মনেই এখন ঘুরপাক খাচ্ছে। কেউ পরিবার নিয়ে একটু খোলা জায়গায় হাঁটতে চান, কেউ শিশুদের নিয়ে আনন্দের সময় কাটাতে চান, আবার কেউ চান শহরের ভেতরেই নতুন কিছু দেখতে। তাদের জন্য এবার রাজধানীর জাতীয় চিড়িয়াখানা হতে পারে দারুণ এক গন্তব্য।
কারণ, এবারের ঈদে চিড়িয়াখানায় দর্শনার্থীদের জন্য থাকছে নতুন আকর্ষণ ‘সাম্বার হরিণ’। প্রথমবারের মতো এই হরিণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। তাই যারা চিড়িয়াখানায় গিয়ে নতুন কিছু দেখার অপেক্ষায় থাকেন, তাদের জন্য এটি হতে পারে বিশেষ অভিজ্ঞতা।
ভাবুন তো, ঈদের দিন কিংবা ছুটির কোনো সকালে পরিবার নিয়ে বের হলেন। শিশুরা উৎসাহ নিয়ে এক খাঁচা থেকে আরেক খাঁচার সামনে ছুটছে। কোথাও বানরের দুষ্টুমি, কোথাও পাখির ডাক, কোথাও জিরাফের শান্ত দাঁড়িয়ে থাকা। এর মধ্যেই নতুন করে চোখে পড়বে সাম্বার হরিণ। শিশুরা হয়তো কৌতূহল নিয়ে জিজ্ঞেস করবে, ‘এটা কোন হরিণ?’ বড়রাও থমকে দাঁড়িয়ে দেখবেন, প্রকৃতির আরেক অনন্য প্রাণীকে।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার আগামীর সময়কে জানিয়েছেন, ঈদ উপলক্ষে সপ্তাহে সাত দিনই খোলা থাকবে চিড়িয়াখানা। সাধারণত রবিবার বন্ধ থাকলেও ঈদের এই সময়ে তা বন্ধ থাকবে না। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীরা চিড়িয়াখানা ঘুরে দেখতে পারবেন।
শুধু সাম্বার হরিণই নয়, কয়েক মাস ধরে দর্শনার্থীদের আনন্দ দিয়ে আসা ছোট জিরাফের বাচ্চাটিও থাকবে প্রদর্শনীতে। এ ছাড়া নিয়মিত প্রদর্শনীর সব প্রাণীই দেখা যাবে। ঈদের ভিড় মাথায় রেখে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
তাহলে এবার ঈদের ছুটিতে আপনার পরিকল্পনা কী? শিশুকে নিয়ে সাম্বার হরিণ দেখতে যাবেন, নাকি জিরাফের বাচ্চার সামনে দাঁড়িয়ে ছবি তুলবেন? শহরের ব্যস্ততার মধ্যে প্রকৃতির কাছাকাছি যেতে চাইলে জাতীয় চিড়িয়াখানা হতে পারে আপনার ঈদ আনন্দের সুন্দর একটি ঠিকানা।






