ধানমন্ডিতে ছেলের ছুরিতে মায়ের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় ছেলের ছুরিতে মা আফিয়া আক্তারের (৬৮) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলে তাহসিন আরিফ অর্নবকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) ভোরে ধানমন্ডির ৯/এ সড়কের একটি ফ্ল্যাটের ঘটনা এটি। নিহত আফিয়া ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত প্রয়াত আবুল কাশেমের স্ত্রী।
পুলিশ জানায়, ঘুমন্ত মায়ের কক্ষে গিয়ে তাকে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করেন তাহসিন। এতে আফিয়ার মুখ ও গলায় গুরুতর জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
পুলিশের ভাষ্য, শুক্রবার রাতে মা ও ছেলে আলাদা কক্ষে ঘুমিয়ে ছিলেন। শনিবার সকালে তাহসিন পাশের কক্ষে গিয়ে মাকে ছুরিকাঘাত করেন। পরে বাসার গৃহকর্মী ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য পায়। খবর পেয়ে পুলিশ বাসা থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শনিবার রাতে আগামীর সময়কে ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম বলেন, ভোর সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাসা থেকে তাহসিনকে আটক করা হয়। আফিয়া আক্তারকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওসি আরও জানান, তাহসিন আগে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিয়েছিলেন। তার মানসিক সমস্যা রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিহত আফিয়া আক্তারের দুই ছেলে। তাদের মধ্যে বড় ছেলে কয়েক বছর আগে মারা গেছেন। ছোট ছেলে তাহসিনের সঙ্গে তিনি ওই ফ্ল্যাটে বসবাস করতেন।




