মানবাধিকার কমিশনের চেয়ারম্যান খুঁজতে স্পিকারের নেতৃত্বে কমিটি

লোগো
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সুপারিশ করতে ১০ সদস্যের বাছাই কমিটি গঠন করেছে সরকার।
আজ রবিবার আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ আসাদুজ্জামান নূর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে এই কমিটির সভাপতি করা হয়েছে। কমিটিতে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের রাখা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন: স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর এবং বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান।
এ ছাড়া কমিটিতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, নাগরিক প্রতিনিধি অ্যাডভোকেট ফাতেমা রশীদ হাসান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি এবং নৃ-গোষ্ঠীর প্রতিনিধি শৈ অংশ গ্লু।
আদেশে বলা হয়েছে, বাছাই কমিটির কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।
গত ১৩ এপ্রিল জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীসহ কমিশনের সব সদস্য পদত্যাগ করেন।
অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫ সংসদে বাতিল হয়ে যাওয়ার পর তারা এ সিদ্ধান্ত নেন। বিদায়ী কমিশনের অন্য সদস্যরা ছিলেন নূর খান, ইলিরা দেওয়ান, মো. শরিফুল ইসলাম ও নাবিলা ইদ্রিস।



