একদিনে দুই সিদ্ধান্ত আজ

সংগৃহীত ছবি
আজ একই দিনে অনুষ্ঠিত হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ ভোট। একটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, অন্যটি সংবিধান সংস্কারের লক্ষ্যে গণভোট। দিনটি ভোটারদের জন্য নির্ধারক। প্রাপ্তবয়স্ক নাগরিকদের রায়ের ওপর নির্ভর করবে কারা সংসদে প্রতিনিধিত্ব করবে এবং কোন দল বা জোট সরকার গঠন করবে। গণভোটে ইতিবাচক ফল এলে সংবিধান সংশোধনের বাধ্যবাধকতা তৈরি হবে। অন্যথায় বিষয়টি সংসদে সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের প্রতিশ্রুতির বাস্তবায়নের ওপর নির্ভর করতে পারে।
এই নির্বাচনে ৫০টি নিবন্ধিত দল অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ও জামায়াতের মধ্যে। ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের লড়াইকেই কেন্দ্র করে ভোটের হিসাব গড়ে উঠছে।
দুটি ভোট একসঙ্গে হওয়ায় আজ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের পরও যেসব ভোটার কেন্দ্রে উপস্থিত থাকবেন, তাঁদের ভোট নেওয়া হবে।
দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে আজ ভোট গ্রহণ হবে। এসব আসনে কেন্দ্র রয়েছে ৪২ হাজার ৬৫১টি। ভোটার সংখ্যা ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪১৬ জন। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়েছে। সেখানে কেন্দ্র ১২৮টি, ভোটার চার লাখ ১৩ হাজার ৩৭৭ জন। আসনটিতে নতুন তফসিল ঘোষণা করা হবে। ফলে শ্রীবরদী ও ঝিনাইগাতী নিয়ে গঠিত এই এলাকার ভোটাররা এবার সরকার গঠনের প্রক্রিয়ায় ভূমিকা রাখার সুযোগ নাও পেতে পারেন। তাঁদের ভোটের আগেই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়ে যেতে পারে।
নির্বাচন কমিশনে নিবন্ধিত ৬০টি দলের মধ্যে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগসহ ১০টি দল ভোটে নেই। বাকি ৯টি দল আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। দলগুলো হলো বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা, জাসদ, তরীকত ফেডারেশন, তৃণমূল বিএনপি, বিএনএফ ও কৃষক শ্রমিক জনতা লীগ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রবাসী ভোটারদের জন্য বিভিন্ন দেশে সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার পাঠানো হয়। এর মধ্যে গ্রহণ করেছেন পাঁচ লাখ ৪৩ হাজার ৪৯৯ জন, ভোট দিয়েছেন পাঁচ লাখ ৩১ হাজার ২১৪ জন। গতকাল বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দেশে পৌঁছেছে চার লাখ ৯১ হাজার ৬১৫টি ব্যালট। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এর মধ্যে চার লাখ ৬৬ হাজার ২৪৩টি গ্রহণ করেছেন।
এ ছাড়া একই সময়ের মধ্যে দেশে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা এবং কারাগারে আটক ব্যক্তিদের মধ্যে ছয় লাখ ২৬ হাজার ১৪৯ জন ভোট দিয়েছেন। সব মিলিয়ে গতকাল বিকেল পর্যন্ত ১১ লাখ ৫৭ হাজার ৩৬৩ জন ভোটার তাঁদের ভোট প্রদান সম্পন্ন করেছেন।



