তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, সমাহিত হবেন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে

তৌফিক ইমরোজ খালিদী। ফাইল ছবি
লন্ডন থেকে আগামীকাল শনিবার সকালে দেশে পৌঁছাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ।
আজ শুক্রবার দুপুরে বিডিনিউজের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
সংবাদমাধ্যমটি জানায়, দেশে আনার পর তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ নেওয়া হবে তার বাসায়। সেখানে পরিবারের সদস্য ও স্বজনরা শেষবার তাকে দেখবেন।
এরপর বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত তার মরদেহ রাখা হবে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে। বন্ধু, স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিরা সেখানে তার প্রতি জানাবেন শেষ শ্রদ্ধা। বেলা ৩টায় সেখানেই হবে তার জানাজা।
বিকাল ৫টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীকে।
গত ১ অক্টোবর রাতে তৌফিক ইমরোজ খালিদী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেইন্ট বার্থোলমিউস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তার মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে। পরদিন স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এরপর ৮ অক্টোবর জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে খালিদীর জানাজা হয়। সেখানে সাবেক সহকর্মী এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।
তৌফিক ইমরোজ খালিদীর পরিবারের পক্ষ থেকে তার ছেলে, বাংলাদেশ নিউজ টোয়েন্টিফোর আওয়ার্স লিমিটেডের পরিচালক রাদ শারার খালিদী সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন। বলেছেন, ‘আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার সকল ভুলত্রুটি ক্ষমা করে দেন, তার সকল ভালো কাজ কবুল করে নেন।’



