সরকারের প্রথম তিন মাসে ১৩৭ ধর্ষণ, ৯১ জনই শিশু

গ্রাফিকস: আগামীর সময়
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম তিন মাসে ধর্ষণের শিকার হয়েছেন ১৩৭ জন নারী। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৯১ জন শিশু, যা মোট ধর্ষণের ৬৩ শতাংশ।
২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে ২০ মে পর্যন্ত সংগৃহীত তথ্যের ক্রাইসিস ডকুমেন্টেশন সেন্টার (ক্রিডো) এ সংক্রান্ত একটি পরিসংখ্যানে প্রকাশ করেছে।
আইন ও সালিশ কেন্দ্র, অধিকার ও ক্রাইসিস ডকুমেন্টেশন সেন্টারের তথ্য-উপাত্ত থেকে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে সূত্র হিসেবে পরিসংখ্যানে ব্যবহার করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, বিএনপি সরকারের ক্ষমতায় আসার পর সবচেয়ে বেশি শিশু ধর্ষণের শিকার হয়েছে চলতি মে মাসের প্রথম ২০ দিনে। আবার ১৮ বছরের বেশি বয়সী নারী ধর্ষণের ঘটনা ঘটেছে মার্চ মাসে— ১৫ জন। এই তিন মাসে ৯১ জন শিশু ও ৪৬ জন ১৮ বছরের বেশি বয়সী নারী ধর্ষণের শিকার হন। এ সময় ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে ২২টি এবং ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ২১ জন।
ক্রাইসিস ডকুমেন্টেশন সেন্টারের (ক্রিডো) প্রশাসনিক কর্মকর্তা ছিদ্দিক ফারুক এক বিবৃতিতে জানান, গত ১৯ মে রাজধানী ঢাকার পল্লবীতে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনাটি নিয়ে দেশ জুড়ে ক্ষোভের সৃষ্টি হলে সরকার দ্রুত ন্যয়্যবিচারের আশ্বাস দেয়। এই হত্যাকাণ্ডের পাশাপাশি বর্তমান সরকারের আমলে এবং পূর্বে সংঘটিত সব ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীদের জন্য ন্যয়বিচার নিশ্চিত করতে হবে।






