ইস্টার্ন ইউনিভার্সিটিতে সীরাহ্ ফেস্ট

সংগৃহীত ছবি
ইস্টার্ন ইউনিভার্সিটিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা এবং দুদিনব্যাপী ‘সীরাহ্ ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান এবং সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা পর্ব শুরু হয়। এতে স্বাগত বক্তব্য দেন আয়োজনের কনভেনর ও স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম ইকবাল আজিম।
আলোচনায় বক্তারা রাসুলুল্লাহ (সা.)-এর জীবন, চরিত্র, আচরণ ও আদর্শ সম্পর্কে গভীরভাবে জানার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা উল্লেখ করেন, মহানবী (সা.)-এর জীবনের লক্ষ্য ও শিক্ষা উপলব্ধি করে তা ব্যক্তিজীবনে বাস্তবায়ন করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, আইয়ামে জাহেলিয়ার অন্ধকার ও বিশৃঙ্খল সমাজকে মহানবী (সা.) মাত্র ২৩ বছরের মধ্যে শান্তি, ন্যায় ও আদর্শের ভিত্তিতে রূপান্তর করেছিলেন। তাঁর জীবন শুধু ধর্মীয় অনুশাসনের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নয়, বরং মানবকল্যাণ, শান্তি, ন্যায়বিচার ও আদর্শ সমাজ গঠনের ক্ষেত্রেও অনুসরণীয়।
দুদিনব্যাপী ‘সীরাহ্ ফেস্ট ২০২৬’-এ শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও সেমিনার কক্ষের সামনে ইসলামিক বইয়ের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড প্লেসমেন্ট অফিসের উপপরিচালক কে. এম. মনিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন বিভাগের প্রভাষক ওমর ফারুক তামিম এবং মোনায়েম খান।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আবুল বাশার খানের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



