জ্বালানি সংকট নিরসনে ৫২টি নতুন গ্যাসকূপ খনন করবে সরকার

ছবি: আগামীর সময়
দেশের জ্বালানি সংকট নিরসনে ৫২টি নতুন গ্যাসকূপ খননের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিগত ২০ বছরের গ্যাসের ঘাটতি পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ভোলা, নোয়াখালী ও তিতাসে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১৪তম ‘আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান প্রতিমন্ত্রী।
তিন দিনব্যাপী এ মেলা আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে। পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশনস যৌথভাবে মেলার আয়োজন করেছে। এতে ১২টি দেশের ২৫০টি প্রতিষ্ঠানের আধুনিক কৃষিপ্রযুক্তি, যন্ত্রপাতি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণব্যবস্থা প্রদর্শন করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী কৃষির আধুনিকায়ন এবং উন্নত যন্ত্রপাতির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি কৃষকের জীবনমান উন্নয়ন সম্ভব। এ জন্য সরকার কৃষকদের মেধার মূল্যায়ন এবং গবেষকদের সুযোগ-সুবিধা ও সম্মান বাড়াতে কাজ করছে।
মীর শাহে আলম জানান, ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে সেচ কার্যক্রম পরিচালনা করে ইতোমধ্যে ৪০ শতাংশ পানি সাশ্রয় করা সম্ভব হয়েছে। কৃষিতে অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
উত্তরাঞ্চলের উদ্বৃত্ত আলু কাজে লাগিয়ে স্টার্চ পাউডার তৈরির কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। এতে আলুর বহুমুখী ব্যবহার বাড়ার পাশাপাশি বিদেশ থেকে স্টার্চ আমদানিতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এ ছাড়া বগুড়া বিমানবন্দর চালু করে সেখান থেকে আলু ও সবজি সরাসরি বিদেশে রপ্তানির পরিকল্পনাও রয়েছে সরকারের।
অনুষ্ঠানে আরডিএর মহাপরিচালক আব্দুল মজিদ প্রামাণিক এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ উপস্থিত ছিলেন। তাঁরা গবেষণালব্ধ উদ্ভাবন কৃষকদের কাছে পৌঁছে দেওয়া এবং টেকসই কৃষি উন্নয়নে এ ধরনের প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরেন।



