বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের জন্য সুখবর

সংগৃহীত ছবি
চট্টগ্রাম শিক্ষাবোর্ড ছাড়াও বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত দিনে এইচএসসি পরীক্ষা দিতে না পারা পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ বুধবার জাতীয় সংসদে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী বললেন, যেসব পরীক্ষার্থী নির্ধারিত দিনে এইচএসসি পরীক্ষা দিতে পারেননি তাদের পরীক্ষাও চট্টগ্রাম শিক্ষাবোর্ডের স্থগিত পরীক্ষার সূচির সঙ্গে সমন্বয় করে নেওয়া হবে। এক্ষেত্রে একই সময়ে একই সূচিতে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হবে।
মন্ত্রীর ভাষ্য, বৈরী আবহাওয়ার কারণে পাঁচটি জেলায় পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এসব জেলার যেসব পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পৃথকভাবে পরীক্ষা নেওয়া হবে না; বরং চট্টগ্রাম শিক্ষাবোর্ডের স্থগিত পরীক্ষার সঙ্গে একই সময়ে তাদের পরীক্ষার আয়োজন করা হবে।
কোনো পরীক্ষার্থী যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়টি বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে পরীক্ষার সময়সূচি বাস্তবায়ন করবে, যোগ করেন তিনি।




