পৌনে চার মাসে ১ লাখ ৯৫ হাজার জন গ্রেপ্তার, জব্দ বিপুল অস্ত্র-মাদক

গ্রাফিকস: আগামীর সময়
দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পৌনে চার মাসে পুলিশ গ্রেপ্তার করেছে ১ লাখ ৯৫ হাজার জনকে। আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে এ তথ্য।
অভিযানের পরিসর শুধু গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এ সময়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম ও মাদক উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রের তালিকায় রয়েছে পিস্তল, রিভলবার, রাইফেল, শুটারগান, এলজি, বন্দুক, পাইপগান, শটগানসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র।
পুলিশের তথ্য অনুযায়ী, ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে অন্য মামলা ও নিয়মিত অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৬২৮ জন। অর্থাৎ বিশেষ অভিযান ও অন্য মামলা মিলিয়ে মোট গ্রেপ্তার ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জন।
জব্দ ৪৩৮ আগ্নেয়াস্ত্র
বিশেষ অভিযানে পুলিশ উদ্ধার করেছে ৪৩৮টি আগ্নেয়াস্ত্র, ৪ হাজার ৭২২ রাউন্ড গুলি ও কার্তুজ এবং ১৬৫টি ম্যাগাজিন। এছাড়া ৬৫টি ককটেল, সোয়া দুই কেজি গানপাউডার, ৮৯৩টি দেশীয় অস্ত্র, ৭১টি অস্ত্রের যন্ত্রাংশ এবং ২১টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১৫৩টি পিস্তল, ৪৮টি শুটারগান, ৪৫টি এলজি, ২৬টি রিভলবার, ১০৮টি বন্দুক, ২৬টি পাইপগান, সাতটি শটগান, সাতটি রাইফেল, তিনটি এসএমজি, ১২টি এয়ারগান ও একটি পেনগান। অভিযানে আরও উদ্ধার হয়েছে ১০ হাজার ৩০০টি চকলেট বোমা।
ইয়াবার পাহাড়, সঙ্গে হেরোইন-ফেনসিডিল-মদ
অস্ত্রের পাশাপাশি মাদকের বিরুদ্ধেও ব্যাপক অভিযান চালিয়েছে পুলিশ। এ সময়ে উদ্ধার করা হয়েছে ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৫৫৯ পিস ইয়াবা। এর সঙ্গে রয়েছে ১০ হাজার ৭৩২ পুরিয়া হেরোইন, ৩০ হাজার ৪২৭ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৮৬৫ বোতল বিদেশি মদ এবং ৫৬০ বোতল দেশি মদ।
এছাড়া উদ্ধার করা হয়েছে ১২ হাজার ৫৩ পুরিয়া গাঁজা ও মাদকজাতীয় অন্য দ্রব্য।
মাদক মামলায় গ্রেপ্তার ৩৪ হাজারের বেশি
পুলিশের তথ্য বলছে, উদ্ধার হওয়া এসব মাদকদ্রব্যের ঘটনায় করা হয়েছে ২৩ হাজার ২২১টি মামলা। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৩৪ হাজার ৪৩ জনকে। অর্থাৎ বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া মোট মানুষের বড় একটি অংশই মাদকসংক্রান্ত অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট মামলায় আটক হয়েছেন।






