৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সংগৃহীত ছবি
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এরমধ্যে ঢাকা জেলায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৭ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন এবং ফরিদপুরে মোতায়েন করা হয়েছে ৩ প্লাটুন বিজি। এছাড়া আরও ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।
আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সংশ্লিষ্ট জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।
মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।
গত কয়েকদিন ধরে গোপালগঞ্জসহ বেশ কয়েকটি জেলায় সহিংসতার ঘটনা ঘটছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন মটরশ্রমিক ও তিনজন বিএনপি নেতাকর্মী। এছাড়া, চলমান সহিংসতায় অন্তত তিনটি থানাসহ বেশ কিছু গণপরিবহণে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এসব সহিংসতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।





