জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তিতে জোর বাংলাদেশের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ - পিআইডি
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর লিডার্স সামিটে অংশ নিয়ে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অর্থায়ন, প্রযুক্তিগত সহযোগিতা ও আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে তার সাক্ষাৎ ও মতবিনিময় হয়েছে। জলবায়ুঝুঁকিতে থাকা বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের সুযোগ তৈরি হয়েছে এ সম্মেলনে।
গতকাল বুধবার তুরস্কের আন্তালিয়ায় স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশলবিনিময় করেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, লন্ডনের মেয়র সাদিক খান এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদের সঙ্গে সাক্ষাৎ হয় তার। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানির সঙ্গেও কুশলবিনিময় করেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া ইন্দোনেশীয় প্রতিনিধিদলের প্রধান হাশিম জোজোহাদিকুসুমো এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের সভাপতি সামেদ আগিরবাশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। সম্মেলনের বিভিন্ন কর্মসূচির ফাঁকে তাদের সঙ্গে কথা বলেছেন তিনি। এদিন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেছেন। ধারাবাহিক এসব বৈঠকের মধ্য দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের প্রত্যাশা করা হয়।
বিশ্বনেতাদের অংশগ্রহণে গতকাল দুপুর ১২টা ১৫ মিনিটে শুরু হয় আন্তালিয়া লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশন। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বাংলাদেশের জন্য জলবায়ু অর্থায়ন অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। জলবায়ু পরিবর্তনে দায় কম হলেও এর ক্ষয়ক্ষতির বড় বোঝা বহন করতে হচ্ছে বাংলাদেশসহ উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোকে। উপকূলীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনের মতো অভিঘাত মোকাবিলায় প্রয়োজন বিপুল অর্থ এবং উন্নত প্রযুক্তি। ফলে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন, অভিযোজন কার্যক্রমে অর্থের জোগান এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় সহায়তা বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।
তেল-গ্যাস কোম্পানির মুনাফায় কর চান গুতেরেস
এদিকে জলবায়ু সম্মেলনের বিশ্বনেতাদের শীর্ষ অধিবেশনে জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপের প্রস্তাব দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই করের অর্থ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর পুনরুদ্ধার ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় ব্যয়ের আহ্বান জানিয়েছেন তিনি।
তার ভাষ্য, দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে। জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো বিপুল মুনাফা করলেও জলবায়ুঝুঁকিতে থাকা দেশগুলো প্রয়োজনীয় অর্থ পাচ্ছে না। এ বৈষম্য দূর করতে দূষণকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেই অর্থ আদায় করা প্রয়োজন।
জীবাশ্ম জ্বালানি শিল্পের প্রভাব ও লবিংয়ের সমালোচনা করে তিনি বললেন, ডাইনোসরদের কোনো লবিং ছিল না; কিন্তু জীবাশ্ম জ্বালানির রয়েছে।
প্রভাবশালী নেতাদের অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
এবারের কপ৩১ সম্মেলনে বিশ্বের কয়েকটি প্রভাবশালী দেশের শীর্ষ নেতাদের অনুপস্থিতি নিয়েও আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্মেলনে অংশ নিচ্ছেন না। চীনের প্রতিনিধিত্ব করছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও অনুপস্থিত। কানাডা ও জাপানের প্রধানমন্ত্রীও প্রকাশিত অংশগ্রহণকারী তালিকায় নেই।
বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীন গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের বড় উৎস। ফলে দেশ দুটির শীর্ষ নেতাদের অনুপস্থিতি জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন সৃষ্টি করেছে। জলবায়ু কূটনীতিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ই৩-জির বিশেষজ্ঞ কসিমা ক্যাসেল বলেছেন, ইউরোপের কয়েকটি বড় দেশের নেতারা সম্মেলনে না আসা দুঃখজনক। এবারের কপ সম্মেলনে ইউরোপের আরও জোরালো উপস্থিতি প্রয়োজন।
ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক ইউরোপের পরিচালক কিয়ারা মার্টিনেলিও বিশ্বনেতাদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেছেন। তার মতে, বিশ্বের জ্বালানি ব্যবস্থার রূপান্তরে প্রভাব রাখতে চাইলে নেতাদের এ ধরনের সম্মেলনে উপস্থিত থাকা জরুরি।
কপ সম্মেলন নিয়ে থুনবার্গের ক্ষোভ
অন্যদিকে জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ জাতিসংঘের জলবায়ু সম্মেলনকে ‘চরম ভণ্ডামি’ আখ্যা দিয়ে সমালোচনা করেছেন। গতকাল মঙ্গলবার আন্তালিয়ায় পৌঁছে তিনি বলেছেন, প্রতি বছর এ সম্মেলন এমন একটি আয়োজনে পরিণত হয়, যেখানে আয়োজক দেশগুলো নিজেদের ভালো হিসেবে তুলে ধরার সুযোগ পায়। অথচ জীবাশ্ম জ্বালানি কোম্পানির স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতি জলবায়ু সংকট মোকাবিলার উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করছে।
গ্রেটার ভাষ্য, ধনী ও ক্ষমতাবান গুটিকয়েক মানুষের মুনাফা ও ক্ষমতার লোভের কারণে সাধারণ মানুষ এবং পৃথিবী ধ্বংসের মুখে পড়ছে। বিশ্বনেতাদের নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষ ও প্রকৃতিকে রক্ষায় কাজ করতে হবে।



