অতএব

বাবাদের একটা গোপন সমস্যা আছে। তারা সন্তানের সামনে ছোট হতে চান না। আমিও চাই না। কিন্তু মাঝে মাঝে এটা নিয়েই ঘটে যায় বিরাট বিপত্তি। ছেলে শারাফ এসে আমাকে জিজ্ঞেস করে, ‘বাবা, ব্ল্যাকহোল কি সবকিছু গিলে ফেলে?’
আমি সঙ্গে সঙ্গে উত্তর দিই না। গলা খাঁকারি দিই। পানি খাই। আকাশের দিকে তাকাই। তারপর বলি, ‘ব্যাপারটা আসলে একটু জটিল।’
জটিল আসলে কিছুই না। জটিল হলো বাবা হওয়া। সাত বছরের ছোট্ট মানুষটার কাছে আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। আর এই বিশ্বাসটা নষ্ট করতে ইচ্ছে করে না।
আমি শারাফের প্রশ্নের উত্তর দিই। যতটুকু জানি তার থেকে বেশি বলার চেষ্টা করি। মহাকাশ নিয়ে আমার জ্ঞান সীমিত। গুগল থেকে জেনে দিতে পারতাম। কিন্তু সেটা করলে নিজের বাহাদুরি থাকে না। সমস্যা অবশ্য তাতেও শেষ হয় না। উত্তর পেয়েই শারাফ তার পরবর্তী প্রশ্নের তীর ছুড়ে মারে, ‘বাবা গ্যালাক্সি কীভাবে তৈরি হলো?’
এই প্রশ্নের উত্তর আসলে আমিও জানি না। তারপরও ভাব নেই সব জানি। কীভাবে পার পাব ভাবতে থাকি। আরেক গ্লাস পানি খাই। তোতলাতে তোতলাতে বলি, ‘ব্যাপারটা আসলে অনেক বড়। বিজ্ঞানীরা গবেষণা করছেন। এখনো গবেষণা শেষ হয়নি। তাদের গবেষণা শেষ হলে সব বলা যাবে।’
ছেলে আমার উত্তরে সন্তুষ্ট হয় না। মন খারাপ করে থাকে। বাবার জ্ঞানের ওপর যথেষ্ট আস্থা থাকলেও বিজ্ঞানীদের জ্ঞান-বুদ্ধি নিয়ে তার সন্দেহ তৈরি হয়।
শারাফের বয়সে আমিও প্রশ্ন করতাম। বাবা ছিল আমার তথ্যভাণ্ডার। তবে আমার প্রশ্নগুলো এত জটিল ছিল না। বাবা প্রায় সব প্রশ্নেরই উত্তর দিতে পারতেন। তখন আমিও বাবাকে মহাজ্ঞানী মনে করতাম। আমার প্রশ্নগুলো ছিল এমন—
রাতে সূর্য কোথায় যায়?
চাঁদ আমাদের সঙ্গে হাঁটে কেন?
চাঁদে এত দাগ কেন?
তারা কি আকাশ থেকে পড়ে যায়?
মহাকাশ নিয়ে আমার ভাবনা ছিল এটুকুই। অথচ আমার ছেলে এখন ব্ল্যাকহোল নিয়ে ভাবে। গ্যালাক্সি নিয়ে ভাবে। আমি শারাফের হাত ধরি। সাত বছর গেলেও ওর হাতটা এখনো আমার হাতের ভেতরই আছে। শুধু একটু বড় হয়েছে। ঝামেলা একটাই। তার প্রশ্নগুলো দিন দিন বিশাল থেকে বিশালতর হয়ে যাচ্ছে।
আমি ছেলের পরবর্তী প্রশ্ন মোকাবিলার উপায় খুঁজতে থাকি। ছেলের বিশ্বাসটা আমার ভালোই লাগে। পৃথিবীতে একজন তো আছে, যে আমাকে বিরাট কিছু মনে করে। যার কাছে বাবা মানে এমন একজন মানুষ, যিনি সব জানেন। এমনকি আকাশের খবরও রাখেন।
জানি, এই বিশ্বাসটা খুব বেশি দিন থাকবে না। একদিন ছেলেরা বড় হয়ে যায়। নিজেদের প্রশ্নের উত্তর নিজেরাই খুঁজে নেয়। আর বাবারা ছোট হয়ে যান।
আমি চাই ও প্রশ্ন করুক। ছেলের কাছে বাবার গুরুত্বটা আর কিছুদিন থাকুক।



