হতেও পারে

এক দিন অফিসে দেরি হলেই বসের বকুনি নিশ্চিত। তবে শিগগির এমন একজন কর্মী কর্মক্ষেত্রে যোগদান করবে, যে হবে সব বসের প্রিয়। সে কখনো দেরি করবে না, ছুটিও চাইবে না, এমনকি বেতন বাড়ানোর দাবিও তুলবে না! সবচেয়ে মজার বিষয়, এই কর্মীর প্রয়োজন হবে না কোনো চেয়ার, টেবিল বা কফির। আর কেউ নয়, সে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট। যুক্তরাষ্ট্রের সফটওয়্যার প্রতিষ্ঠান সেলসফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক বেনিওফের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০৩০ সালের পর থেকে ব্যবসা, অর্থনীতি এবং কাজের প্রচলিত ধারণায় বড় পরিবর্তন আনতে পারে এআই এজেন্ট। প্রযুক্তির এই অংশ নিয়ে বেনিওফের পূর্বাভাস উঠে এসেছে সেলসফোর্স বেনের ২০২৫ সালের একটি প্রতিবেদনে।
এআই এজেন্ট হলো একটি বুদ্ধিমান সফটওয়্যার সহকারী। এটি সহজেই যেকোনো লক্ষ্য বুঝতে পারে, পরিকল্পনা তৈরি করতে পারে, বিভিন্ন টুল ব্যবহার করতে পারে এবং কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত নিজে থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে। ব্যবসা থেকে শুরু করে যেকোনো প্রাতিষ্ঠানিক কাজে ভবিষ্যতে এআই এজেন্ট হতে পারে বড় এক সহযোগী। বেনিওফের ভাষ্য, ‘এআই এজেন্ট ডিজিটাল লেবার সলিউশনের ক্ষেত্রে আমাদের শীর্ষস্থানীয় অবস্থানকে সুদৃঢ় করে, যা যেকোনো কোম্পানিকে এমন এক অসীম কর্মীবাহিনী গড়ে তোলার সুযোগ দেয়, যা তাদের ব্যবসাকে সত্যিকার অর্থেই রূপান্তরিত করতে সক্ষম।’ এমনটা হলে একই সময়ে একাধিক কাজ সম্পন্ন করা হতে পারে সম্ভব। ফলে প্রতিষ্ঠানগুলোর কমতে পারে পরিচালনা খরচ। বাড়তে পারে উৎপাদন, সেই সঙ্গে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বিশ্ব অর্থনীতিতে। এমনটা হলে ভবিষ্যতে সিইওদের দায়িত্ব বদলে যাবে বলেও মত সেলসফোর্সের সিইওর। ভবিষ্যতের শুধু মানবকর্মী পরিচালনা করলেই চলবে না প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের। তাদের পরিচালনা করতে হতে পারে এআই এজেন্টকেও। অর্থাৎ নেতৃত্বের প্রচলিত ধারণাতেও ভবিষ্যতে আসতে পারে বড় পরিবর্তন।



