প্রদর্শনী পরিক্রমা
লোকজ শিকড় থেকে আধুনিক শিল্পভাষা

গ্রাফিকস: আগামীর সময়
বাংলার কারুশিল্প এ অঞ্চলের মানুষের জীবনযাপন, ধর্মীয় বিশ্বাস, প্রকৃতি ও সামাজিক সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বাংলার লোকজ জীবন থেকে উঠে আসা এই শিল্প সময়ের বিবর্তনে নানা উপকরণ, নির্মাণকৌশল ও নান্দনিক পরিবর্তনের মধ্য দিয়ে আজ সমকালীন শিল্পচর্চার অংশ হয়ে উঠেছে। এই ঐতিহ্য ও আধুনিকতার সংযোগ প্রত্যক্ষ করার সুযোগ তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৬। ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী জয়নুল গ্যালারিতে আয়োজিত এ প্রদর্শনীতে শিক্ষার্থীদের বিভিন্ন মাধ্যমের শিল্পকর্মের মধ্য দিয়ে কারুশিল্পের বহুমাত্রিক প্রয়োগ ও সম্ভাবনা তুলে ধরা হয়েছে।
প্রদর্শনীতে প্রবেশের পর প্রথমেই যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে, তা হলো মাধ্যম ও উপকরণের বৈচিত্র্য। কাঠ, মেটাল, কাপড়, পাট, চামড়া, কাগজ, মাটি ও বিভিন্ন প্রাকৃতিক উপাদানের ব্যবহার শিল্পকর্মগুলোকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়েছে। কোথাও কাঠখোদাইয়ের সূক্ষ্মতা, কোথাও বাটিক ও অ্যাপ্লিকের নকশা, আবার কোথাও মেটালের টেক্সচার ও রিলিফের মাধ্যমে তৈরি হয়েছে ভিন্ন ভিন্ন দৃশ্যভাষা। পাশাপাশি ট্যাপেস্ট্রি, প্রিন্টমেকিং, অলংকার, ফ্যাশন ডিজাইন এবং গৃহস্থালি সামগ্রীর উপস্থিতি প্রদর্শনীটিকে শুধু প্রচলিত কারুশিল্পের উপস্থাপনায় সীমাবদ্ধ রাখেনি।
প্রদর্শনীর সবচেয়ে প্রশংসনীয় দিক হলো দেশীয় উপাদান ও লোকজ ঐতিহ্যের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ। জামদানি মোটিফ, আলপনা, টেপাপুতুল, গ্রামীণ জীবন ও প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ নানা শিল্পমাধ্যমে নতুনভাবে উপস্থাপিত হয়েছে। বিশেষ করে পরিচিত লোকজ অবয়বকে ভাস্কর্যধর্মী নির্মাণ, গৃহসজ্জার সামগ্রী কিংবা টেক্সটাইলের কাজে ব্যবহার করার প্রচেষ্টা বেশ আকর্ষণীয়। একটি ভাস্কর্যধর্মী অবয়বকে টেবিল ল্যাম্পের সঙ্গে যুক্ত করার প্রয়োগটি আমার কাছে বিশেষভাবে কৌতূহলোদ্দীপক মনে হয়েছে। এতে পরিচিত লোকজ উপাদান শুধু প্রদর্শনযোগ্য শিল্পবস্তু না থেকে ব্যবহারিক সামগ্রীর অংশ হয়ে উঠেছে।
এ ছাড়া প্রিন্ট ও পোর্ট্রেটধর্মী কাজগুলোয় রঙের বৈচিত্র্য এবং চিত্রভাষার প্রয়োগ লক্ষণীয়। ট্যাপেস্ট্রির কাজে সুতা ও বুননের মাধ্যমে তৈরি রঙিন অবয়বগুলোও প্রদর্শনীতে ভিন্নমাত্রা যোগ করেছে। কাঠ ও মেটালের সমন্বয়ে তৈরি রিলিফধর্মী কাজগুলোয় উপকরণের গঠন এবং টেক্সচারের ব্যবহার দৃষ্টিনন্দন। এসব কাজ দেখে মনে হয়েছে, শিক্ষার্থীরা কারুশিল্পের প্রচলিত মাধ্যমের পাশাপাশি নতুন ধরনের নান্দনিক প্রকাশভঙ্গি অনুসন্ধান করছে।
তবে প্রদর্শনীর সামগ্রিক মূল্যায়নে কিছু প্রশ্নও সামনে আসে। অনেক কাজেই উপকরণের বৈচিত্র্য ও কারিগরি দক্ষতা প্রশংসনীয় হলেও সব ক্ষেত্রে বিষয়বস্তুর ধারণাগত গভীরতা সমানভাবে স্পষ্ট নয়। লোকজ মোটিফের ব্যবহার অবশ্যই ইতিবাচক, কিন্তু পরিচিত নকশা পুনর্বিন্যাস করাই কি ঐতিহ্যকে সমকালীন করে তোলার জন্য যথেষ্ট? আমার মনে হয়েছে, কিছু কাজের ক্ষেত্রে লোকজ উপাদান নান্দনিক অলংকরণ হিসেবে বেশি ব্যবহৃত হয়েছে; এর অন্তর্নিহিত সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য আরও গভীরভাবে অনুসন্ধানের সুযোগ ছিল। ঐতিহ্যকে ধারণ করার পাশাপাশি তার নতুন ব্যাখ্যা তৈরি করাও সমকালীন শিল্পচর্চার গুরুত্বপূর্ণ দায়িত্ব।
একইভাবে উপকরণের পরীক্ষামূলক ব্যবহার প্রশংসনীয় হলেও তার যথাযথ প্রয়োগ ও স্থায়িত্বের বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। বিশেষ করে ব্যবহারিক সামগ্রী, অলংকার ও পোশাকের ক্ষেত্রে নান্দনিকতার পাশাপাশি কার্যকারিতা, আরাম, স্থায়িত্ব এবং নির্মাণের গুণগত মান গুরুত্বপূর্ণ। কোনো কোনো কাজে অলংকরণের আধিক্য মূল বস্তুর ব্যবহারিক পরিচয়কে কিছুটা আড়াল করতে পারে। আবার কিছু শিল্পকর্মে উপকরণের কারিগরি সম্ভাবনা স্পষ্ট হলেও নিজস্ব শিল্পভাষা আরও বিকশিত হওয়ার অবকাশ রয়েছে। কারণ একটি কাজ শুধু নিখুঁতভাবে নির্মিত হলেই তা স্বতন্ত্র শিল্পকর্ম হয়ে ওঠে না; এর পেছনের চিন্তা, বক্তব্য ও উপস্থাপনার নিজস্বতাও সমান গুরুত্বপূর্ণ।
গৃহস্থালি সামগ্রী ও ফ্যাশন ডিজাইনের কাজগুলোতে শিল্প এবং দৈনন্দিন জীবনের সম্পর্ক বিশেষভাবে উপলব্ধি করা যায়। আসবাব, দর্পণ, আলোকসজ্জার সামগ্রী কিংবা পোশাকের নকশায় কারুশিল্পের প্রয়োগ দেখিয়েছে, কীভাবে ব্যবহারিক বস্তুও নান্দনিক শিল্পবস্তুতে রূপ নিতে পারে। তবে এই সম্ভাবনাকে আরও কার্যকর করতে নকশার পাশাপাশি বাজারের চাহিদা, উৎপাদন ব্যয়, উপকরণের স্থায়িত্ব এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনায় নেওয়া জরুরি। বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করতে হলে শুধু দৃষ্টিনন্দন পণ্য নির্মাণ নয়, তার ব্যবহারিক ও উৎপাদনগত দিকেও সমান মনোযোগ প্রয়োজন।
সব মিলিয়ে, কারুশিল্প বিভাগের বার্ষিক প্রদর্শনী ২০২৬ আমার কাছে ঐতিহ্য ও সমকালীন শিল্পচিন্তার একটি সম্ভাবনাময় মিলনক্ষেত্র বলে মনে হয়েছে। এখানে শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা, উপকরণ নিয়ে নিরীক্ষা এবং দেশীয় সাংস্কৃতিক পরিচয়কে নতুনভাবে উপস্থাপনের আগ্রহ প্রশংসার দাবি রাখে। তবে ভবিষ্যতে আরও গভীর ধারণাগত অনুসন্ধান, স্বতন্ত্র শিল্পভাষা নির্মাণ, প্রযুক্তির সৃজনশীল ব্যবহার এবং পরিবেশবান্ধব উপকরণ নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে। কারুশিল্পের অগ্রযাত্রা শুধু ঐতিহ্যকে সংরক্ষণ করার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সময়ের সঙ্গে তার অর্থ ও প্রকাশভঙ্গিকে নতুনভাবে নির্মাণ করার মধ্যেই এর প্রকৃত সম্ভাবনা নিহিত। এই প্রদর্শনী সেই সম্ভাবনার একটি ইতিবাচক ইঙ্গিত বহন করে।



