আইকম বাংলাদেশের নতুন নির্বাহী পরিষদ নির্বাচিত

সংগৃহীত ছবি
ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামসের (আইকম) বাংলাদেশ জাতীয় কমিটির (আইকম বাংলাদেশ) ২০২৬–২০২৯ মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর শাহবাগে সুপার কিচেন রেস্তোরাঁয় আয়োজিত এ নির্বাচনে নতুন নির্বাহী পরিষদ গঠিত হয়।
নির্বাচনে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কীপার মো. সেরাজুল ইসলাম চেয়ারপারসন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সিকদার মো. জুলকারনাইন সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
নির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী কিউরেটর এম. এম. রুবায়েত হোসেন, বাংলাদেশ জাতীয় জাদুঘরের কীপার আসমা ফেরদৌসি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক ড. মো. আতাউর রহমান, বাংলাদেশ জাতীয় জাদুঘরের সহকারী রসায়নবিদ শাহ মো. রোকনুজ্জামান, তোষাখানা জাদুঘরের কিউরেটর রাশেদুল আলম প্রদীপ এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সিনিয়র আর্টিস্ট সৌমিত্র কুমার বিশ্বাস।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মালিহা নার্গিস আহমেদের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ পরিবেশে নির্বাচন সম্পন্ন করে।
নির্বাচন শেষে আইকম বাংলাদেশের ২০২৩–২০২৬ মেয়াদের সভাপতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান নবনির্বাচিত পরিষদকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন নির্বাহী পরিষদ দেশের জাদুঘর খাতের উন্নয়ন, পেশাগত উৎকর্ষ, গবেষণা, ঐতিহ্য সংরক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নবনির্বাচিত নির্বাহী পরিষদ আগামী তিন বছরে দেশের জাদুঘরগুলোর উন্নয়ন, জাদুঘর পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং আইকমের নীতিমালা বাস্তবায়নে কাজ করবে।




