নতুন ‘জেমস বন্ড’ প্যাটিনসনে বদলে যাবে ০০৭-এর চেনা স্টাইল?

জেমস বন্ড রূপে এবার দেখা যাবে রবার্ট প্যাটিনসনকে
দীর্ঘ পাঁচ বছরের জল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম সামনে এসেছে, আর এতে কপাল পুড়ল ক্যালাম টার্নার, জশ ও’কনর বা জ্যাক লোডেনের মতো সম্ভাব্য তারকাদের। কাগজে-কলমে প্যাটিনসন যেন এই চরিত্রের জন্য একেবারে মানানসই পছন্দ। তার তীক্ষ্ণ চাহনি, গালের গড়ন এবং জেমস বন্ড চরিত্রে ড্যানিয়েল ক্রেইগের শেষ দিকের সিনেমাগুলোতে যে রুক্ষতা ও গভীরতা জরুরি হয়ে উঠেছিল-- সবই তার মধ্যে আছে। হাই-আর্ট আর অ্যাকশনের মিশেলে গড়া তার ক্যারিয়ারে শারীরিক সক্ষমতারও কমতি নেই। ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’-এ ঝাড়ু চালানো থেকে শুরু করে ‘টোয়াইলাইট’-এর গতি কিংবা নতুন ‘ব্যাটম্যান’-এর মারমুখী রূপ-- সবই তিনি দেখিয়েছেন। তা ছাড়া স্যুটে তাকে যে দারুণ মানায়, তা এক দশকেরও বেশি সময় ধরে ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড ডিয়রের অ্যাম্বাসেডর হিসেবে কাজের সুবাদে সবারই জানা। আর আজকের দিনে মূলধারার নায়কদের ফ্যাজগতের সঙ্গে ঘনিষ্ঠ থাকাও একপ্রকার অলিখিত নিয়ম।
চিরাচরিতভাবে জেমস বন্ডের স্টাইল আইকন হয়ে ওঠার পেছনে ছিল ক্লাসিক পুরুষালি সাজপোশাকের নিয়ম মেনে চলা এবং নিখুঁত রুচিবোধ। বরাবরই ‘০০৭’-এর পোশাকে ছিল মার্জিত ছাঁট ও সংযত আভিজাত্য। ড্যানিয়েল ক্রেইগ কিছুটা সীমা ছাড়িয়ে টম ফোর্ডের আঁটসাঁট স্যুট, ম্যাসিমো আলবার অবকাশকালীন পোশাক কিংবা ‘ক্যাসিনো রয়্যাল’-এর আলোচিত সুইমিং ট্রাঙ্কস পরলেও মূল ধারা থেকে সরে যাননি; বরং দামি ও মানানসই কিন্তু অনেক ক্ষেত্রেই সাধারণ পুরুষের চেনা গণ্ডির পোশাকে তিনি থেকেছেন।২০২৬ সালে এসে হলিউড আর ফ্যাশন দুনিয়ার সীমারেখা আলাদা করা কঠিন হয়ে পড়েছে, যেখানে তারকাদের নিজস্ব ফ্যাশন রুচি তাদের কাজের ওপর এবং কাজ তাদের পোশাকের ওপর প্রভাব ফেলে। ফলে অন্য কেউ বন্ড হলে সাজসজ্জাও ভিন্ন হতোই। টার্নার হলে তাকে হয়তো ঢিলেঢালা লুই ভুইটন স্ট্রিটওয়্যার দেখা যেত, আর ও’কনর হলে লোয়েভের ডোরাকাটা সোয়েটার পরে বিশ্ব বাঁচাতেন তিনি।
যেহেতু বন্ডের চরিত্রে প্যাটিনসন আসছেন, তাই তার পোশাকে কিছুটা পণ্ডিতসুলভ কিন্তু এলোমেলো প্রিপ্পি ধাঁচ দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ডিয়রের হয়ে তিনি আগে যেমন মসৃণ চামড়ার ওয়াইটুকে পোশাক পরেছেন, তেমনি সাধারণ ব্যবসায়িক স্যুটেও দেখা দিয়েছেন। তবে জোনাথন অ্যান্ডারসন ডিয়রের হাল ধরার পর থেকে প্যাটিনসন যেন ব্র্যান্ডটির এলোমেলো, নরম ঢঙের ‘পাশের বাড়ির ছেলে’ অবয়বের পোস্টার বয় হয়ে উঠেছেন–যেখানে থাকে উস্কোখুস্কো চুল, নরম কলারের শার্ট, বেশ ঢিলেঢালা ট্রাউজার এবং ডোরাকাটা স্কুল টাই। ‘দ্য ড্রামা’ সিনেমার লস অ্যাঞ্জেলেস প্রিমিয়ারে তার পরা ধুলোমাখা পিচ রঙের স্যুটটি এর দারুণ উদাহরণ। হয়তো বন্ডের পরের পর্বে এমআইসিক্স-এর পোশাকের কড়াকড়িও কিছুটা শিথিল হতে পারে।ক্রেইগের শেষ বন্ড সিনেমা ‘নো টাইম টু ডাই’-তে প্রচলিত আনুষ্ঠানিক সাজের বদলে তার বয়স ও বাস্তবতার সঙ্গে মানানসই পোশাক– যেমন ডেজার্ট বুট, নরম সুতির স্যুট বা হেনলি শার্ট বেশি গুরুত্ব পেয়েছিল। চল্লিশ ছোঁয়া প্যাটিনসন পুরোদস্তুর মিলেনিয়াল, আর তার ভদ্র ও কিছুটা অপ্রস্তুত সাক্ষাৎকারের ঢঙেও তা স্পষ্ট। তাই পরিচালক ডেনিস ভিলেন্যুভ হয়তো এই চল্লিশের বন্ডকে ওভারশার্ট, টোট ব্যাগ আর ব্লান্ডস্টোন বুটের মতো সমসাময়িক সাজে সাজাবেন। পরের সিনেমার গল্প যদি কোনো উন্মাদ এআই স্টার্টআপকে ঘিরে আবর্তিত হয়, তবে এমন ছদ্মবেশী সাজ বেশ মানাবে। সব মিলিয়ে, সময়ের হাতেই উত্তর তোলা থাকুক; তবে প্যাটিনসনের মানানসই গড়নে বন্ডের পোশাকের ঐতিহ্য আপাতত নিরাপদ বলেই মনে হচ্ছে।
সূত্র: ডেইলি অবজার্ভার (ইউকে)







